সাতক্ষীরা প্রতিনিধি : শহরের স্টেডিয়াম ব্রিজের পাশে ট্রলি ও ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাকিব হোসেন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ওই এলাকার ভাই ভাই ট্রেডার্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব শহরের কাটিয়া মধ্যপাড়ার কৃষি ব্যাংক কর্মকর্তা সামছুর রহমানের ছেলে ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মাহফুজা খাতুন জানান, সকালে সাকিব তার বাবার সঙ্গে মোটরসাইকেলে করে বড়বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকার নারকেলতলা-বড়বাজার সড়কের উপরে একটি ট্রলি থেকে নির্মাণাধীন সামগ্রী ইঞ্জিনচালিত ভ্যানে নামানোর কাজ চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ওই মোটরসাইকেলটি পাশ কাটাতে গিয়ে ইঞ্জিনভ্যান ও ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে সাকিবসহ তার বাবা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ ঘটনায় সাকিব মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং রক্তক্ষরণ হতে থাকে। গুরুতর অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জামিল হোসেন জানান, মারাত্মক আঘাতে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে সাকিবের মৃত্যু হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দা, পথচারী ও শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে রাস্তার উপর ট্রলি থেকে পণ্য খালাস করেন ভাই ভাই ট্রেডার্সের মালিকরা। রাস্তার অর্ধেকাংশ জুড়ে এ কাজ করার সময় পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা হয়েছে কয়েকবার। বিষয়টি পৌরসভা ও পুলিশ প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। তারা সাকিবের মৃত্যুর জন্য ভাই ভাই ট্রেডার্সের মালিকদের গ্রেপ্তারের দাবি জানান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ এ দুর্ঘটনায় সাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

