আর্ন্তজাতিক ডেস্ক : আফগান তালেবানের অভ্যন্তরীণ কোন্দলে নতুন নেতা মোল্লা আখতার মুহাম্মাদ মানসুর গুরুতর আহত হয়েছেন। বুধবার পাকিস্তানের অভ্যন্তরে এ সংঘর্ষ হয়েছে বলে আফগান ও তালেবান সূত্র নিশ্চিত করেছে। তবে দলের প্রধান মুখপাত্র এ তথ্যকে অস্বীকার করেছেন।
আফগান ভাইস প্রেসিডেন্ট আবদুর রশীদ দোস্তামের মুখপাত্র সুলতান ফাইজি বুধবার জানিয়েছেন, উর্ধ্বতন তালেবান কমান্ডারদের এক বৈঠকে প্রথমে বাকবিতণ্ডা হয় পরে তা মারাত্মক সংঘর্ষে রূপ নেয়। এতে আহত হন মোল্লা মানসুর। তবে তালেবানের ওই শীর্ষ নেতা বেঁচে আছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
শীর্ষ দুই তালেবান নেতা জানিয়েছেন, পাকিস্তানের পশ্চিমে কোয়েটায় জ্যেষ্ঠ তালেবান নেতা মোল্লা আবদুল্লাহ সারহাদির বাসায় বৈঠক চলছিল। বাগবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ পরস্পরের দিকে গুলি ছোড়ে। এতে অনেক হতাহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে মোল্লা মানসুরও রয়েছেন। তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোল্লা মানসুর গ্রুপের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সংঘর্ষে অন্তত চারজন মারা গেছেন এবং আহত হয়েছেন আরো বহু নেতা।

