নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার পালিত হবে ২৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। এ উপলক্ষে বুধবার পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত এবং একীভূত করা খুবই জরুরি। এ লক্ষ্যে ২৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য ‘একীভূতকরণ : সক্ষমতার ভিত্তিতে সব প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
বণীতে রাষ্ট্রপতি আরো বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সব সুযোগ সুবিধা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বায়নের এই যুগে উন্নত প্রযুক্তি ব্যবহার, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের দক্ষ ও যোগ্য করে তুলতে পারবেন। ফলে তারা দেশের বোঝা না হয়ে সম্পদে পরিণত হবেন।
বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সব ধরনের শারীরিক, মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধিতা মানববৈচিত্র্যেরই অংশ। আমার বিশ্বাস প্রতিবন্ধীদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে যথাযথ পরিচর্যা করলে তারা সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা না হয়ে অপার সম্ভাবনা বয়ে আনবে।
প্রতিবন্ধীদের উন্নয়নে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। আমরা ‘নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩’, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ ‘প্রতিবন্ধিতা-সম্পর্কিত সমন্বিত শিক্ষা নীতিমালা ২০০৯’ ও ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পরিচালনা নীতিমালা ২০১১’ প্রণয়ন করেছি।
বাণীতে সরকারের পাশাপাশি দেশি-বিদেশি সংস্থা, সেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও বিত্তবানদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

