স্পোর্টস ডেস্ক : বিপিএলের ১৭তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। টস জিতে ফিল্ডিং শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে কুমিল্লা। ১৪২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রানের বেশি করতে পারেনি ঢাকা ডায়নামাইটস। ফলে ১০ রানের দারুণ এক জয় পেয়েছে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮ রানে প্রথম উইকেট হারায় ঢাকা। রান আউট কাটা পড়েন সৈকত আলী (৮)। ৪০ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে। আউট হন সাদমান ইসলাম (১০)। তাকে বোল্ড করেন শুভাগত হোম। দলীয় ৭১ রানে দারুণ ফর্মে থাকা সাঙ্গাকারাও (৩০) রান আউট হয়ে যান। এরপর নাসির হোসেনের ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ঢাকার সমর্থকরা। কিন্তু দলীয় ৯৯ রানে নাসির আবু হায়দারের বলে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে আউট হলে জয়ের স্বপ্ন ফ্যাকাসে হয়ে যায়। ১০২ রানে রায়ান টেন ডেসকাট ও ১১৯ রানে ওয়ালার আউট হলে পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় সাঙ্গাকারার দলের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রানের বেশি করতে পারেনি তারা।
বল হাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আবু হায়দার ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মাশরাফি ও শুভাগত হোম।
এর আগে ব্যাট করতে নেমে কুমিল্লার হয়ে ব্যাট হাতে অপরাজিত ৪৫ রান করেন আসহার জায়িদি। ৩১ রান করেন লিটন দাস। তৃতীয় সর্বোচ্চ ২১ রান আসে শুভাগত হোমের ব্যাট থেকে। বল হাতে ঢাকার ফরহাদ রেজা ২টি উইকেট নেন।
দলের প্রয়োজনের মুহূর্তে মাত্র ২৯ বলে ৩ ছক্কা ও ২ চারের সাহায্যে অপরাজিত ৪৫ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন কুমিল্লার আসহার জায়িদি।

