স্পোর্টস ডেস্ক : কোপা ডেল রে’র শেষ ৩২ এর লড়াইয়ে বুধবার প্রতিপক্ষের মাঠে কাদিজের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। কাদিজ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় এই ম্যাচে দলের সেরা তিন তারকা করিম বেনজেমা, গ্যারেথ বেল ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে (বিবিসি) বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ রাফায়েল বেনিতেজ।
শুধু বিবিসি-ত্রয়ী নন; বুধবারের ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে টনি ক্রুজ, কেইলর নাভাস, দানিলো, লুকা মডরিককেও বিশ্রাম দেয়ার ঘোষণা দিয়েছেন রিয়াল কোচ। অন্যদিকে ইনজুরির কারণে অধিনায়র সার্জিও রামোস, ভারানে, দানি কারভাহাল ও মার্সেলোর মতো গুরুত্বপূর্ণ সদস্যরা তো দলের বাইরেই রয়েছেন।
মঙ্গলবার দলের প্রধান খেলোয়াড়দের ছাড়াই রিয়াল মাদ্রিদ ছেড়ে কাদিজের উদ্দেশ্যে পা বাড়ায় অপেক্ষা নবীন একটি দল। দলের পরিচিত মুখ বলতে ইসকো, পেপে, হামেস রদ্রিগেজ, নাচো ও ক্যাসিমিরো। লা লিগায় নিষিদ্ধ (২ ম্যাচ) থাকলেও কোপা ডেল রে’তে খেলতে বাধা নেই ইসকোর। অন্যদিকে ইনজুরি থেকে সেরে উঠা রদ্রিগেজকে মূল স্ট্রাইকারের ভূমিকায় রেখে দল সাজিয়েছেন রাফায়েল বেনিতেজ।
রোনালদো-বেলদের অনুপস্থিতিতে ফিলিপ লিনহার্ট, আলভেরো তোজেরো ও মার্কোস লরেন্তোর মতো তরুণ খেলোয়াড়দের স্কোয়াডে জায়গা দিয়েছেন রাফায়েল বেনিতেজ। রিয়াল মাদ্রিদের দ্বিতীয় সারির দল থেকে রুবেন ইয়ানিজ, কার্লোস আবাদ ও হোসে’র মতো তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছেন রিয়াল কোচ।
প্রসঙ্গত, স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। সর্বশেষ লিগ ম্যাচে এইবার এর বিপক্ষে ২-০ ব্যবধানে জিতলেও তার আগের দুই ম্যাচে সেভিয়া ও বার্সেলোনার কাছে যথাক্রমে ৩-২ ও ৪-০ ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে সান্তিয়াগো বার্নাব্যুর দলটি। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে পড়েছে রোনালদোর দল।

