স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে থেকে লা লিগার টেবিলে আপাতত শীর্ষে রয়েছে কাতালানরা। তবে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস, বার্সাকে সতর্ক করে জানান, মেসি-নেইমারদের এই অপ্রতিরোধ্য গতিতে হঠাৎ করেই ছন্দপতন ঘটতে পারে।
গত তিনটি লা লিগা ম্যাচে প্রতিপক্ষকে ১১টি গোল দিয়েছেন মেসি-নেইমার ও সুয়ারেজরা। সর্বশেষ তিনটি লিগ ম্যাচে জিতে টেবিলে নিজেদের শীর্ষস্থান মজবুত করেছে লুইস এনরিকের দল।
চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ঘরের মাঠেই বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে ‘বিধ্বস্ত’ হয় রিয়াল মাদ্রিদ। তবে গত মৌসুমে টানা ২২টি ম্যাচ জিতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে থাকার পর কত দ্রুত রিয়ালের ছন্দপতন ঘটে সেটি ভুলেননি সার্জিও রামোস।
গত বছরের স্মৃতি রোমন্থন করে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস বলেন, ‘ফুটবল এক ঘণ্টার ব্যবধানেই বদলে যেতে পারে। গত মৌসুমে আমরা দারুণ অবস্থানে থেকে বছর শেষ করেছিলাম, আর বার্সেলোনা আমাদের তুলনায় অনেক বাজে অবস্থানে ছিল। কিন্তু মৌসুম শেষে তারা ট্রেবল (চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা ডেল রে) জিতেছে।’
এরপর মেসি-নেইমারের দলকে ‘প্রছন্ন’ সতর্কবার্তা দিয়ে রামোস বলেন, ‘বার্সেলোনা এখন দুর্দান্ত ফর্মে রয়েছে। সুতরাং তাদের এটি উপভোগ করতে দিন। কেননা, আপনি জানেন না এটি (দুর্দান্ত ফর্ম) কতদিন ধরে অব্যাহত থাকবে। আপনাকে সব সময় প্রশংসা এবং সমালোচনা এই দুটির জন্যই প্রস্তুত থাকতে হবে। কেননা, আমি সব সময়ই বলে আসছি, ফুটবলে সব সময়ই পরিবর্তন ঘটে।’
প্রসঙ্গত, গত সোমবার লা লিগার বর্ষসেরা ডিফেন্ডারেরর পুরস্কার জিতেন স্প্যানিশ তারকা সার্জিও রামোস। গত মৌসুমে রক্ষণমুখে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ তিনি এই অ্যাওয়ার্ড জয় করেন। তবে চলতি মৌসুমে অনেকটা সময়ই কাঁধের ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয় এই রিয়াল অধিনায়ককে।

