বিনোদন ডেস্ক : ইউটিউব মাতাচ্ছে শাহরুখ-কাজল জুটির নতুন ছবি দিলওয়ালের গান ‘গেরুয়া’। গানটিতে যতটুকু না শোনার, তার চেয়ে বেশি দেখার বিষয় রয়েছে। এ কারণে ইতিমধ্যেই ১ কোটি ২৬ লাখের বেশি দর্শক গানের ভিডিওটি দেখেছে। ছবির একটি গানের ভিডিও নিয়ে এমন উন্মাদনা দেখে, ‘দিলওয়ালে’ টিম এবার গানটির ভিডিওর নেপথ্যের গল্প নিয়ে নতুন একটি ভিডিও ছেড়েছে।
‘মেকিং অব গেরুয়া’ শিরোনামের ৭ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওটির শুরুতেই হাস্য উজ্জ্বল মুখে আলাপে মেতে উঠেন শাহরুখ কাজল। আস্তে আস্তে বলতে শুর করেন, আইসল্যান্ডের বরফশীতল পরিবেশে শুটিংয়ের অভিজ্ঞতা। এর মাঝেই চলতে থাকে সেসব দৃশ্য ধারণের ছবিগুলো। হালকা একটি দড়ি ধরে পাহাড়ে উঠছেন শাহরুখ, তার পেছনেই রয়েছে কাজল। সেখানে কয়েকটি দৃশ্য ধারণের পর আবারো নিচে নেমে আসা। চারদিকে দূর্গম পাহাড়, তার উপর সাদা বরফের স্তুপ। এসবের মধ্যেই পাতলা শাড়ি পরে কাঁপছেন কাজল। পরক্ষণেই উষ্ণতা দিতে জড়িয়ে ধরলেন শাহরুখ। এ থেকেই বুঝা যায়, দুজনের বন্ধুত্ব কতটুকু গভীর।
এদিকে একটি দৃশ্য ধারণের সময় অসাবধাণতা বশত পাহাড়ের পাশে পড়ে যাচ্ছিলেন শাহরুখ, তখন ত্রাতা হিসেব হাত বাড়িয়ে দেন কাজল। নেপথ্যের ভিডিও এ প্রসঙ্গে রসিকতার করে এই অভিনেত্রী বলেন, ‘শাহরুখের জীবন আমারই অবদান!’
রোহিত শেঠি তার পরিচালিত বেশিরভাগ ছবিতে গাড়ি উড়িয়ে চুরমার করার দৃশ্য রাখেন। তাই শাহরুখ মজার ছলে বলেন, ‘গাড়ি ওড়ানোর পর রোহিত শেঠি এবার ওড়না উড়িয়েছে!’
‘গেরুয়া’ শব্দের অর্থ জাফরানি বর্ণ। গানটির গীতিকার অমিতাভ ভট্টাচার্য জানান, শাহরুখ নাকি শুরুতে ‘গেরুয়া’ গানটি রাখতেই চাননি! কারণ শ্রোতাদের মধ্যে ‘গেরুয়া’ শব্দটির গ্রহণযোগ্যতা নিয়ে তার সংশয় ছিলো। কারণ এ ধরনের শব্দ সচরাচর গানে ব্যবহার হয় না। পরে সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তীর আশ্বাস পেয়ে রাজি হন ৫০ বছর বয়সী এই অভিনেতা।
উল্লেখ্য, ‘গেরুয়া’ গানটির নৃত্য পরিচালনা করেছেন ফারাহ খান। আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাবে ‘দিলওয়ালে’। এতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন।

