স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে হারানোর পর ছন্দ হারিয়ে ফেলে পাকিস্তান। ওয়ানডে ও টি-২০ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ‘বিধ্বস্ত’ হয় আজহার আলি ও শহিদ আফ্রিদির দল। দলের এই চরম ব্যর্থতার কারণে জরুরি মিটিং ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জেতার পর পরের তিনটিতে টানা হেরে ৩-১ ব্যবধানে ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে বসে আজহার আলির পাকিস্তান। এরপর টি-২০ তে তো আরো যাচ্ছেতাই অবস্থা পাকিস্তানের। এবার আফ্রিদির দল ইংলিশদের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। ইংল্যান্ড সিরিজ শেষে পাকিস্তান টি-২০ র্যাংকিংয়ে দ্বিতীয় স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছে।
পিসিবির এক ঘনিষ্ঠ সূত্র পিটিআইকে জানান, আগামী শুক্রবার লাহোরে জরুরি মিটিং আহ্বান করা হয়েছে। সেখানে দলের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করা হবে।
পিসিবির ওই ঘনিষ্ঠ সূত্র পিটিআইকে বলেন, ‘বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান অপর শীর্ষ কর্তা নাজাম শেঠি ও চিফ অপারেটিং অফিসার সোবহান আহমেদের উপস্থিতিতে আগামী শুক্রকার জরুরি মিটিং ডেকেছেন। মিটিংয়ে প্রধান কোচ ওয়াকার ইউনিস, সহকারী কোচ মুশতাক আহমেদ ও প্রধান নির্বাচক হারুন রশিদকে উপস্থিত থাকতে বলা হয়েছে।’
সূত্রের মতে, প্রধান নির্বাচক হারুন রশিদের অনুরোধে এই জরুরি মিটিং আহ্বান করা হয়েছে। হারুন নাকি দলে টিম ম্যানেজমেন্টের অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা নিয়ে সন্তুষ্ট নন।

