নিজস্ব প্রতিবেদক : ছয়টি পণ্যে পাটের ব্যবহার নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান চালিয়ে যাচ্ছে সরকার।
দ্বিতীয় দিনের অভিযানে ঢাকাসাহ সারাদেশে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৬২টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আইন লংঘন করার দায়ে মোট ১৪২টি মামলা দায়ের করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, দেশব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জড়িতদের দোষী সাব্যস্ত করে প্রায় ৫ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে। এসব অভিযানে নেতৃত্ব দেন পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনসহ মন্ত্রণালয় ও জেলা পর্যায়ে জেলা প্রশাসকদের সমন্বয়ে গঠিত একাধিক টিম।
ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহণে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে মঙ্গলবার রাজধানীর কৃষি মার্কেট, মোহাম্মদপুর ও কচুক্ষেত বাজার চালের আঁড়ত এলাকায় অভিযান চালানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় এ অভিযানে নেতৃত্ব দেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি ।
এসময় তিনি ব্যবসায়িদের উদ্দেশ্যে বলেন, ‘এ আইন বাস্তবায়নের সময় ছিল ২০১৪ সাল। কিন্তু সকল পক্ষের সঙ্গে আলোচনা করে ২০১৫ সালের ৩০ নভেম্বর থেকে এ আইন বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। আইন বাস্তবায়নে দেশব্যাপী অভিযান চলছে। কার্যকর না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।’
প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত বাড়নোর কথাও বলেন প্রতিমন্ত্রী।

