অর্থনীতি ডেস্ক : ২০১৬ সালে ব্যাংক খাতে মোট ২৩ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে জারিকৃত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
সার্কুলারে জানানো হয়, বরাবরের মতো আসন্ন এ বছরটিতেও দুই ঈদেই তিনদিন করে ছুটি ঘোষণা করা হয়েছে, যা একসঙ্গে সর্বোচ্চ ছুটি। বাকি ছুটিগুলো একদিন করে। ব্যাংক হলিডের একদিন করে ছুটি (১ জুলাই ও ৩১ ডিসেম্বর) দু’টিই পড়েছে সাপ্তাহিক ছুটির মধ্যে। একটি শুক্রবার ও অন্যটি পড়েছে শনিবার।
যেসব উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির জনকের জন্মদিন, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, শব-ই-বরাত, জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, দুর্গাপূজা, আশুরা, ঈদ-ই মিলাদুন্নবী, বিজয় দিবস, বড়দিন ও ব্যাংক হলিডে।
এসব ছুটির মধ্যে পাঁচদিন পড়েছে শুক্র ও শনিবার, যা গত বছর ছিল ১১ দিন।
উল্লেখ্য, ২০১৫ সালেও ব্যাংকিং ছুটি ছিল ২৩ দিন।

