অর্থনৈতিক প্রতিবেদক : দেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমার চাইনিজ বন্ধুদের বলতে চাই। বাংলাদেশ কোনোদিন একবারের জন্যও ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়নি। আমাদের ঋণের পরিমাণ খুবই কম। মাত্র ৩৪ ভাগ। তবে আমরা আর ঋণ চাই না, বিনিয়োগ চাই। আমাদের দেশে বিনিয়োগ বাড়ান।’
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে চীনা জিঝিয়াং-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আপনারা বিনিয়োগ বাড়ালে বাংলাদেশ যেমন উপকৃত হবে ঠিক চায়নাও উপকৃত হবে। কেননা উন্নত দেশের দিকে বাংলাদেশ যখন এগিয়ে যেতে থাকবে তখন দরকার হবে বিভিন্ন উপকরণসহ সরাঞ্জামাদি। এতে করে বাংলাদেশ চায়নার জন্য বড় বাজার হিসেবে তৈরি হবে।’
চীনকে এক সঙ্গে কাজের আহ্বান জানিয়ে মুস্তাফা কামাল বলেন, ‘আসুন আমরা একসঙ্গে কাজ করি। বাংলাদেশেও বিনিয়োগ করার অনেক সুযোগ আছে। বিনিয়োগের ক্ষেত্রে পৃথিবীর কোনো দেশ ট্যাক্স ফ্রি; ল্যান্ড মালিকানা দেয় না, কিন্তু বাংলাদেশ দিচ্ছে।’
মুস্তফা কামাল বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। এর মাধ্যমে আমরা উন্নত দেশের দিকে এগিযে যেতে চাই। এক সময়ে চায়নার মতো বাংলাদেশ এলিট শ্রেণির দেশে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত পরিকল্পনামন্ত্রী।’
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এসএ সামাদ, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব, প্রথম ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম মহিউদ্দিন, ডিরেক্টর শেখ ফজলে ফাহিম, বাংলাদেশে চায়না দূতাবাসের অর্থনীতি ও বাণিজ্য কাউন্সিলর ওয়াং জিঝিয়াং প্রমুখ।

