অর্থনৈতিক প্রতিবেদক : সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে পারবে না। অর্থাৎ ওই সময়ের আগে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে না বলেই সংস্থাটির পর্যবেক্ষণ। সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশের তালিকায় যেতে যে তিনটি ক্যাটাগরি পূরণ করতে হয়, তা পূরণ করা অসম্ভব।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে আংকটাডের ‘দ্য লিস্ট ডেভলপমেন্ট কান্ট্রিস রিপোর্ট-২০১৫’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেবপ্রিয়।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে তিনটি ক্যাটাগরি তথা মাথাপিছু আয়, মানব সূচক উন্নয়ন ও অর্থনৈতিক ঝুঁকি পূরণ করতে হবে। এই তিনটির মধ্যে বাংলাদেশ শুধু অর্থনৈতিক ঝুঁকি সংশ্লিষ্ট ক্যাটাগরি পার করেছে। মাথাপিছু আয়ের দিক থেকে স্বল্পোন্নত ৪৮টি দেশের মধ্যে বাংলাদেশ নিচের দিক থেকে দ্বিতীয়। আর মানব সূচক উন্নয়নের ক্ষেত্রে ৬৩.৮ শতাংশ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ।
তিনি আরো বলেন, তিন ক্যাটাগরির মধ্যে দুটি ক্যাটাগরি পূরণ করতে পারলে সেই দেশকে তিন বছর পর্যালোচনার মধ্যে রাখা হবে। তারপর সেই দেশ সেই অবস্থানে থাকলে এবং বাকি একটি ক্যাটাগরি পূরণ করতে পারলে তাকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের করে দেয়া হবে। সেই অনুযায়ী বলা যায়, ২০২৪ সালের মধ্যে এই তালিকা থেকে বের হওয়া অসম্ভব।
উন্নয়নশীল দেশের মর্যাদা পেতে করণীয় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, প্রথমে সরকারকে উত্তরণ পূর্ব ও উত্তরণ-উত্তর পরিকল্পনা গ্রহণ করতে হবে। কেননা গৎবাধা পরিকল্পনা নিয়ে এই তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের তালিকায় প্রবেশ করা যাবে না। এজন্য প্রথমে মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দিতে হবে। এই মানব সম্পদ উন্নয়নে জোর দিলে আরো দুটি গুরুত্বপূর্ণ জায়গায় জোর দেয়া সম্ভব হবে। তাহলো কৃষি ব্যবস্থা এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন।
তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষি ভূমি উৎপাদনে এক নম্বরে, কিন্তু শ্রমের উৎপাদনশীলতায় সবার থেকে পিছিয়ে। শ্রমের উৎপাদনশীলতার দিকে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে আমরা ৪৮তম। তাই কোন দেশ কৃষি উৎপাদনে উন্নয়ন ছাড়া উন্নত দেশে পরিণত হতে পারে না। সেই দিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে।
মধ্যম আয়ের দেশই সব কিছু নয় উল্লেখ করে তিনি বলেন, এইসব ক্যাটাগরি করা হয় শুধু আয়ের দিক থেকে। কিন্তু স্বল্পোন্নত দেশ ও উন্নয়নশীল দেশের তালিকা হয় ওই তিন ক্যাটাগরির উত্তরণের মাধ্যমে। মাথাপিছু আয়ের দিক থেকে অনেক উন্নত দেশ আছে, যারা এখনো স্বল্পোন্নত দেশের তালিকার মধ্যে। তাই আমাদের মাথাপিছু আয়ের চিন্তা বাদ দিয়ে সামষ্টিগত উন্নয়নের দিকে লক্ষ্য রাখতে হবে।
এই সংবাদ সম্মেলনে গবেষণা পত্র উপস্থাপন করেন সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান, পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ, পরিচালক ফাহমিদা খাতুন এবং অতিরিক্ত গবেষনা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।

