অর্থনৈতিক প্রতিবেদক : বিএসইসি কর্তৃক নিবন্ধিত, বিশেষ উদ্দেশ্যে গঠিত তবে পুঁজিবাজারের তালিকাভুক্ত নয় এ ধরনের কোনো তহবিলে (বিশেষ উদ্দেশ্যে গঠিত তহবিল, বিকল্প বিনিয়োগ ফান্ড বা সমজাতীয় কোনো তহবিল) কোন তফসিলি ব্যাংকের সর্বোচ্চ বিনিয়োগ সীমা হবে ২শ কোটি টাকা।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক অব সাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনাটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (বিএসইসি) কর্তৃক বিশেষ উদ্দেশ্যে গঠিত এবং পুঁজিবাজারের তালিকাভুক্ত নয় এ ধরনের যেকোন তহবিল গঠনে কোনো তফসিলি ব্যাংক বিনিয়োগ করলে তার ঊর্ধ্বসীমা হবে ২শ কোটি টাকা। এ ধরনের তহবিলে বিনিয়োগে সিদ্ধান্ত নেয়ার আগে পরিচালনা পর্ষদের মতামত নিয়ে তা কেন্দ্রীয় ব্যাংকের অবসাইট সুপারভিশন বিভাগে আবেদন পাঠাতে হবে। আবেদনের সঙ্গে তহবিল বিষয়ের সব তথ্য এবং একই সঙ্গে ব্যাংকটির মূলধন, তারল্য, সম্পদ ও দায়ের গুণগতমান ও পরিমাণের সর্বশেষ তথ্য প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে।

