নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল মামলার শুনানি ৫ম দিনের মতো চলছে।
আজ মঙ্গলবার ৫ম দিনের মতো শুরু হয় নিজামীর মামলার আপিল শুনানি। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি চলছে। এ বেঞ্চের অপর বিচারপতিরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আজ আদালতে নিজামীর পক্ষে আপিলের পেপারবুক পাঠ করছেন আইনজীবী এস এম শাহজাহান। তিনি এর আগেও গত চারদিন এ মামলার আপিলের শুনানিতে অংশ নিয়েছেন। গত চার দিন নিজামীর আপিল শুনানিতে পেপারবুকের কিছু অংশ পাঠ করেন নিজামীর এই আইনজীবী।
চলতি বছরের গত ৯ সেপ্টেম্বর নিজামীর আপিল শুনানি শুরু হয়। প্রথম দিনে আদালতে রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের রায়ের অংশ পাঠ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে নিজামীর পক্ষে ১ নম্বর অভিযোগের ৩ জন সাক্ষির জবানবন্দি আদালতে পড়ে শোনান অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। এরপর ধারাবাহিকভাবে নিজামির মামলার শুনানি আজ ৫ম দিনের মতো চলছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির সাজা দেন।

