অর্থনৈতিক প্রতিবেদক : রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংকেও পর্যবেক্ষক নিয়োগে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক পদমর্যাদার এক কর্মকর্তাকে এই বিশেষায়িত ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয় বলে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক শাহ আলমকে কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কার্য সম্পাদন চুক্তির শর্ত পরিপালনে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।
এ নিয়ে ছয় রাষ্ট্রায়ত্ত ও পাঁচ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত বুধবার রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের চার নির্বাহী পরিচালককে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়।

