বিনোদন ডেস্ক : আমেরিকা প্রবাসী বয়ফ্রেন্ড জেনে গুডএনাফ নামের একজনকে বিয়ে করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও জনপ্রিয় আইপিএল-এর পাঞ্জাব ইলিভেন-এর কর্ণধার প্রীতি জিনতা। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিলেন প্রীতি জিনতার ঘনিষ্ঠজন।
বলিউডে চলছে বিয়ের উৎসব! চলতি বছরের মাঝামাঝিতে দিল্লীর মেয়ে মীরা রাজপুতকে দিয়ে শুরু করেছিলেন হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর! এরপর অভিনেত্রী গীতা বসরা বিয়ে করলেন ক্রিকেটার হরভজনকে, আর সদ্য নিজেদের বিয়ের খবর জানালেন অভিনেত্রী হেজেল, তিনি বিয়ে করছেন আরেক জনপ্রিয় ক্রিকেটার যুবরাজ সিংকে। বলিউডে এ যেন বিয়ের মওসুম! আর বিয়ের ভর মওসুমকে আরো একটি বিয়ের খবর। আর তা হচ্ছে শিগগিরই বিয়ে করছেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা!
সাম্প্রতিক গুজব বলছে, জেনেকে বিয়ে করতে শিগগিরই আমেরিকায় রওনা দিবেন অভিনেত্রী প্রীতি জিনতা। শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব আর পরিবারের লোকজনের উপস্থিতিতেই নাকি বিয়ে করবেন প্রীতি।
যদিও বলিউড লাইফ.কম জানিয়েছে জেনে প্রীতি জিনতার বয়ফ্রেন্ড নয়। প্রীতি জিনতার ঘনিষ্ঠসূত্রের বরাত দিয়ে তারা বলেছে, জেনে প্রীতির খুব ভালো বন্ধু, বয়ফ্রেন্ড নয়। প্রীতির বড় ভাই তার পরিবারসহ আমেরিকা বাস করেন, আর প্রীতি তাদের সাথে দেখা করতেই নিয়মিত সেখানে যান। আর সেই সূত্রেই জেনের মত প্রীতির এমন অসংখ্য ভালো বন্ধু তৈরি হয়েছে আমেরিকায়।
তবে অনেকেই মনে করেছেন, যা রটে তার কিছুটা হলেও ঘটে। হরভজন, যুবরাজের দেখাদেখি হলেও পাঞ্জাব কন্যা প্রীতির এবার বিয়েটা করে ফেলাই উত্তম!
উল্লেখ্য, ১৯৯৮ সালে বিখ্যাত নির্মাতা মনি রত্নমের ‘দিল সে’ ছবির মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন প্রীতি জিনতা। ছবিতে শাহরুখ খান ও মনিশা কৈরালার সাথে দুর্দান্ত অভিনয় দিয়ে নজর কাড়েন তিনি। এরপর চরি চরি চোপকে চোপকে, দিল চা তা হ্যায়, কই মিল গায়া, কাল হো না হো’র মত সিনেমায় অভিনয় করে নিজের সামর্থ জানান দেন। বর্তমানে তার হাতে ভাইয়াজি সুপারহিট এবং অ্যারেঞ্জ মেরেজ নামের দুটি ছবি রয়েছে। আসছে বছরে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবি দুটি।

