বিনোদন ডেস্ক : ‘আয়নাবাজি’র শুটিং শেষে এবার ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন উপস্থাপিকা ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তার উপস্থাপনা জীবনের গল্পেই নির্মিত হচ্ছে গাজী টিভির ধারাবাহিক ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’।
নাটকটির প্রত্যেকটি পর্বে একেকজন অভিনেত্রীর জীবনের গল্প তুলে আনা হচ্ছে। এবারের পর্বটি সাজানো হয়েছে নাবিলাকে ঘিরে। নাবিলা ছাড়াও আরো অভিনয় করছেন স্বাগতা, পিয়া, মারিয়া নূর প্রমূখ। এই পর্বটি পরিচালনা করছেন অঞ্জন আইচ।
রাজধানীর প্রিয়াংকা শুটিং স্পটে নাটকটির শুটিং শুরু হয়েছে গতকাল। আজও দিনব্যাপী শুটিং চলছে। শেষ হবে আগামীকাল। শিগগিরই প্রচার হবে গাজী টিভিতে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই ‘রবি জার্সি উৎসব’ উপস্থাপনা করেন তিনি। এছাড়াও এটিএন বাংলার ‘স্টার মোমেন্টস’ প্রোগ্রামটিও উপস্থাপনা করেছেন তিনি। এতে অতিথি ছিলেন জাহিদ হাসান, মোস্তফা সরয়ার ফারুকীরা।

