স্পোর্টস ডেস্ক : সুযোগটার অপেক্ষাতেই ছিলো যেন ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়ালের ঘরে আগুন লাগবে, আর সেই আগুনে পুড়ে যাবে রিয়াল-রোনালদো সম্পর্ক। তাতে পানি ঢেলে রোনালদোকে পূনরায় ওল্ড ট্র্যাফোর্ডে নিয়ে আসবে তারা।
অবশেষে সেই মোক্ষম সময়টা যেন উপস্থিত হয়েই গেলো। কোচ রাফায়েল বেনিতেজের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে লজ ব্লাঙ্কোজদের ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। যার পরিপ্রেক্ষিতে টানা দুই ম্যাচ হেরে শিরোপা লড়াই থেকে অনেকটা দুরে ছিটকে পড়েছে রিয়াল মাদ্রিদ।
এ সুযোগেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘরে ফিরিয়ে নিতে এবার সরাসরি মুখ খুললেন ম্যানইউ কোচ লুই ফন গাল। সরাসরিই তিনি জানিয়ে দিলেন, ‘সত্যি সত্যি রোনালদোকে চায় ম্যানইউ। তারা খুব দ্রুতই এ বিষয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায়।’
গত বেশ কিছুদিন ধরেই মিডিয়ায় গুঞ্জন, ক্রিশ্চিয়ানো রোনালদো সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে ইচ্ছুক। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কিংবা ম্যানইউতেই যাওয়ার সম্ভাবনা বেশি তার। বিশেষ করে কয়েকদিন আগেই রোনালদো নিজে থেকে প্রকাশ করেছিলেন পিএসজি কোচ লরা ব্লাঁ তাকে বলেছিলেন, তিনি খুব করে চান, রোনালদো যেন প্যারিসে চলে আসেন।
অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে মহা বিপদে। কোনভাবেই একটি দল হিসেবে রেড ডেভিলদের দাঁড় করাতে পারছেন না লুই ফন গাল। সর্বশেষ ভিকারেজ রোডে স্বাগতিক ওয়ার্টফোর্ডের বিপক্ষে ২-১ গোলে জিতলেও তাতে মন ভরাতে পারেনি কোচ থেকে শুরু করে দর্শকদের। শুধু এই ম্যাচই নয়, ম্যানইউর পুরো পারফরম্যান্স কোনভাবেই স্বীকৃতি দেয় না যে, তারা শিরোপা জিততে পারবে।
এমন পরিস্থিতিতে রোনালদোর মত একজন ফুটবলারকেই খুব বেশি প্রয়োজন ম্যানইউর। এ কারণে রিয়ালের পরিস্থিতির ওপর নজর রেখে সিআর সেভেনকে ঘরে ফিরিয়ে আনতে মরিয়া ম্যানইউও। ফন গাল বলেন, ‘রোনালদো খেলেন উইংয়ে। খুব দ্রুতগামী ফুটবলার এবং গোলও করেন অনেক। বিশ্বে এমন কোন ট্রেইনার (কোচ) নেই যে তাকে পছন্দ করে না। অবশ্যই আমরা পরিস্থিতির দিকে তাকিয়ে। কারণ তাকে পাওয়াটাও এখন খুব গুরুত্বপূর্ণ। আশা করছি তাকে পাবো এবং সে জন্য অপেক্ষা করতেও রাজি আছি।’

