আর্ন্তজাতিক ডেস্ক : মিশরে রোববার এবং সোমবার দু’দিন ধরে পার্লামেন্ট নির্বাচনে ২য় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ১৮ এবং ১৯ অক্টোবর প্রথম দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। ২০১২ সালে পার্লামেন্ট ভেঙে দেয়ার পর দেশটিতে এটিই প্রথম সাধারণ নির্বাচন।
এই ভোটকে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। দেশের প্রধান রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করেছে। তবে এই নির্বাচনের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।
সিসির সমর্থকরা ১ম দফায় নির্বাচনে কাঙ্খিত জয় অর্জন করতে সমর্থ হয়েছে। দ্বিতীয় দফায়ও এই ঘটনার পুনরাবৃত্তি হবে বলে আশা করছেন তারা। রাজধানী কায়রোসহ আরো ১২টি প্রদেশে রোববার এবং সোমবার দু’দিন ধরে ভোট গ্রহণ চলবে।
স্থানীয় সময় সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর সিসি একটি বালিকা বিদ্যালয়ে নিজের ভোট প্রদান করেন।
দেশটিতে এর আগে ২০১১-১২ সালে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। হোসনি মোবারকের দীর্ঘ ত্রিশ বছরের স্বৈরশাসনের পর সেটিই ছিল প্রথম নির্বাচন।

