বিনোদন ডেস্ক : ‘চন্দ্রাবতীর কথা’ নামে নতুন একটি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ময়মনসিংহগীতিকার গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন এন রাশেদ চৌধুরী। সরকারি অনুদানের পাশাপাশি ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে বেঙ্গল ক্রিয়েশন্স। ১৫ ডিসেম্বর থেকে ছবিটির শুটিংও শুরু হবে।
নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর নওশাবা জানান, ‘সোনাই’ নামে একটি চরিত্রে কাজ করছি। চরিত্রটির মাঝে বাঙালী নারীর শ্বাশত রূপ ফুটে উঠবে। বাঙালী নারীর মতোই পরিবার, স্বামী ও সংসারকে আগলে রাখে ‘সোনাই’। চ্যালেঞ্জ নিয়েই কাজটি করছি। আশা করি এই ছবিতে দর্শকরা সম্পূর্ণ ভিন্নধর্মী চরিত্রে দেখবে।’
উল্লেখ্য, ২০১৩ সালে ‘উধাও’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি । মাত্র দুই বছরের ব্যবধানে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে চলেছেন। তার অভিনীত ‘আলগা নোঙর’ ছবিটি ডিসেম্বররের শেষ সপ্তাহেই মুক্তি পাবে বলে জানা গেছে। আর ‘আন্ডার কন্সট্রাকশন’ ও ‘প্রতিরুদ্ধ’ নামে আরো দুটি সিনেমায় অভিনয় করছেন তিনি। ছবি দুটির কাজ প্রায় শেষের পথে।

