বিনোদন ডেস্ক : মাসখানেক আগেই মুক্তি পেল আনিসুর রহমান মিলনের চলচ্চিত্র ‘ভালোবাসার গল্প’। মুক্তির অপেক্ষায় আছে ‘লালচর’ নামে আরো একটি সরকারী অনুদানের চলচ্চিত্র। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বিগবাজেটের চলচ্চিত্র ‘রাজনীতি’র শুটিংয়ে। বড়পর্দায় নিয়মিতও হলেও ছোটপর্দাকে ভোলেননি তিনি। তাই বড়পর্দার পাশাপাশি সমানে ছোটপর্দায়ও দেখা মেলে তার। আজ থেকে আরটিভিতে প্রচার হচ্ছে তার নতুন একটি ধারাবাহিক।
অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালীদের জীবনভিত্তিক উপাখ্যান নিয়ে নির্মিত ‘দূরের বাড়ি কাছের মানুষ’ নাটকটির আরটিভিতে প্রচার হবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জেনি। তারা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন ড.হাসান ইমাম, ড. এনামুল হক, আজিজুল হাকিম, আহমেদ রুবেল, আনিসুর রহমান মিলন, কল্যাণ, নীলয় আলমগীর, জেনি, নিশা, রুপন্তি, সোহেল খান, শাহিন শাহনেওয়াজ, লিটু করিম, কাজী দেলোয়ার হেমন্ত, রহমতউল্লাহ, ফজলুল হক শফিক, এ্যাডভোকেট মোবারক হোসেন, শারমিন জাহান অ্যানি প্রমুখ। নাটকটি রচনা ও পরিচালনা করছেন অস্ট্রেলিয়া প্রবাসী নির্মাতা আকিদুল ইসলাম।
নির্মাতা সূত্রে জানা গেছে, বাংলাদেশের বাইরে বর্তমানে এক কোটিরও বেশি বাংলাদেশী বাস করছেন। ধারাবাহিকটিতে প্রবাসীদের জীবন-সংগ্রাম, হাসি-কান্না, সুখ-দুঃখ এবং ভিনদেশী একটি সংস্কৃতির সঙ্গে জন্মভূমির সংস্কৃতির যে সংঘাত সেটি অত্যন্ত যত্ন সহকারে তুলে ধরা হয়েছে। পাশাপাশি এই প্রবাসে বড় হয়ে উঠা দ্বিতীয় প্রজন্মের সঙ্গে প্রথম প্রজন্মের মানসিক টানাপোড়ন ও পারস্পরিক দূরত্বের চিত্রটিও অত্যন্ত জীবন ঘনিষ্ঠভাবে ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে।
নাটকটি প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে।

