স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার মর্যাদার এল ক্লাসিকোতে রোমাঞ্চকর ও ধ্রুপদী লড়াইয়ের আশা করেছিলেন ফুটবলভক্তরা। তবে দর্শকদের সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। একপেশে ম্যাচে রিয়ালকে তাদেরই মাঠে ৪-০ গোলের ‘লজ্জাজনক’ পরাজয়ে ডুবিয়ে বাড়ি ফিরেছে লুইস এনরিকের বার্সেলোনা। দলের এমন দারুণ জয়ে বেজায় খুশি দীর্ঘদিন পর মাঠে ফেরা লিওনেল মেসি।
২৬ সেপ্টেম্বর থেকেই মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। শনিবার এল ক্লাসিকো ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল তার। মেসির জন্য প্রস্তুত ছিল মঞ্চ। তবে সেই মঞ্চ আলোকিত করেন লুইস সুয়ারেজ ও নেইমার। পুরো ফিট না হওয়ায় শুরুর একাদশে মেসিকে নামাননি এনরিকে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে যখন মাঠে নামলেন তখন ৩-০ গোলে এগিয়ে থাকা বার্সার জয় প্রায় নিশ্চিত। তবে মাঠে নেমে গোল না পেলেও বেশ কয়েকবার ঝলক দেখিয়েছেন এই আর্জেন্টিনা অধিনায়ক।
বার্সেলোনার ৪-০ গোলের দারুণ জয়ে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। একটি করে গোল করেন নেইমার ও আন্দ্রেস ইনিয়েস্তা।ম্যাচে মেসি প্রতিপক্ষ শিবিরে তেমন ভীতি সৃষ্টি করতে না পারলেও মর্যাদার এল ক্লাসিকোতে দলের এমন অবিস্মরণীয় জয়ের পাশাপাশি নিজে মাঠে ফিরতে পারায় দারুণ খুশি।
শনিবারের মর্যাদার এল ক্লাসিকো শেষে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন লিওনেল মেসি। তিনি লিখেন, ‘ক্লাসিকোতে অসাধারণ জয় এবং মাঠে নেমে আমার ভালো অনুভব করা, সব মিলে আমি দারুণ খুশি।’
এই দারুণ জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে যাওয়ায় লা লিগার শিরোপা দৌড়ে অনেকটা এগিয়ে গেল কাতালানরা। তবে সামনে আরো অনেক পথ পাড়ি দিতে হবে বলে জানান মেসি।
মেসি লিখেন, ‘এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। কিন্তু আমরা সামনের প্রতিটি ম্যাচেই জয় পাওয়ার জন্য লড়াই করবো।’

