বিনোদন ডেস্ক : ‘ওম শান্তি ওম’ ছবির মধ্য দিয়ে বলিউডে যাত্রা করেন এই সময়ের বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোন। কিন্তু বলিউডের মত এত বিশাল ইন্ডাস্ট্রিতে সবার আগে যার সাথে বন্ধুত্ব হয়েছিল তার নাম প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এমন কথাই জানালেন দীপিকা পাডুকোন।
দীপিকা যখন বলিউডে পা রাখেন, তখন প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। অথচ তার সাথেই প্রথম বন্ধুত্ব হয় সদ্য বলিউডে পা রাখা অভিনেত্রী দীপিকা পাডুকোনের, এভাবেই প্রিয়াঙ্কার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠার গল্প শোনালেন দীপিকা পাডুকোন। সম্প্রতি আসন্ন ছবি ‘বাজিরাও মাস্তানি’র প্রমোশনে গিয়ে প্রিয়াঙ্কার সাথে বন্ধুত্বের কথা বলতে গিয়ে দীপিকা এসব কথা বলেন। দীপিকা বলেন, বলিউডে পা রাখার পর আমি প্রথম যে অভিনেতা-অভিনেত্রীর সাথে সাক্ষাৎ করি, তিনি প্রিয়াঙ্কা চোপড়া। এরপর ধীরে ধীারে তার সাথে আমার বন্ধুত্ব গভীর সম্পর্কে গড়ায়।
প্রমোশনে গিয়ে ‘বাজিরাও মাস্তানি’র শ্যুটিংয়ে নিজেদের মধ্যে চলা অভিজ্ঞতার কথাও বলেন দীপিকা।
সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে আসন্ন ছবি ‘বাজিরাও মাস্তানি’র পিঙ্গা নামের একটি গান। মুক্তির পর ইউটিউবে রীতিমত ঝড় তুলে গানটি। এ পর্যন্ত গানটি ‘এরর মিউজিক’-এর চ্যানেলেই দেখেছে অন্তত ৪৫ লক্ষবারের উপরে। এর প্রধান কারণ, গানটিতে একইসাথে কোমর দোলাতে দেখা গেছে বলিউডের এই সময়ের অন্যতম দুই জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া।
অন্যদিকে টিজার, ট্রেলার আর গানগুলো যখন একে একে মুক্তি পাচ্ছে, ঠিক সেইসময় সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘বাজিরাও মাস্তানি’র নতুন আরো একটি পোস্টার। ছবিতে মাস্তানি চরিত্রে আছেন দীপিকা পাডুকোন, কাশিবাঈ চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া এবং বাজিরাও চরিত্রে অভিনয় করেছেন রনবীর সিং। ছবিটি মূলত ভারতীয় শাসক পেশোয়া বাজিরাও এবং তার দ্বিতীয় স্ত্রী মাস্তানির প্রেম কাহিনীকে কেন্দ্র করে নির্মিত।
উল্লেখ্য, বাজিরাও মাস্তানি ছবির টিজার, ট্রেলার, পোস্টার আর ছবির একাধিক গান এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হওয়ার পর পরই রেকর্ড পরিমাণ দেখা ও শোনা হয়ে গেছে। ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে সেগুলো। ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে দীপিকা-রনবীর সিং ছাড়াও আছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী প্রিয়্ঙ্কা চোপড়া। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি আসছে ডিসেম্বরের ১৮ তারিখে মুক্তি দেয়ার কথা। ঠিক একই দিনে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ছবি ‘দিলওয়ালে’।

