নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী (পিএসসি) পরীক্ষা শুরু হচ্ছে আজ। বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। ৭ম বারের মতো সরাদেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগের বছরের মতো এবারও বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের (শারীরিক প্রতিবন্ধী) জন্য ২০ মিনিট অতিরিক্ত সময় নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা শেষ হবে ২৯ নভেম্বর।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নিচ্ছে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন শিক্ষার্থী; যেখানে ছেলেদের চেয়ে মেয়েদের অংশগ্রহণ ২ লাখ ৩৫ হাজার ৯৫৩ জন বেশি। এবার ১৩ লাখ ৫৬ হাজার ৫৫৫ ছাত্র এবং ১৫ লাখ ৯২ হাজার ৫০৮ ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে।
এদিকে ইবতেদায়ী সমাপনীতে ৩ লাখ ৫ হাজার ৪৫১জন শিক্ষার্থী রয়েছে। তবে ইবতেদায়ীতে ছাত্রের সংখ্যা বেশি। এ পরীক্ষায় এক লাখ ৬০ হাজার ৫৬১ ছাত্র এবং এক লাখ ৪৪ হাজার ৮৯০ জন ছাত্রী অংশ নিচ্ছে।
উল্লেখ্য, প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার মোট পরীক্ষার্থী ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন।
রাজনৈতিক বৈরিতা বা অন্য কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে পরীক্ষার সূচী পরিবর্তন হবে কি না- এমন প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্র নাথ রায় গতকাল বাংলামেইলকে জানিয়েছিলেন, হরতাল-অবোরোধের মতো কোনো পরিস্থিতি তৈরি হলে পরীক্ষার্থীদের অনিশ্চয়তার মধ্যে তারা ঠেলে দেবেন না।
তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে আমাদের মন্ত্রণালয় সুপরিকল্পিত ব্যবস্থা নেবে। তবে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশা রাখি।’
প্রসঙ্গত, গত বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সংম্মেলনে প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার তারিখ ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি : প্রাথমিক সমাপনীতে ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৫ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৯ নভেম্বর গণিত পরীক্ষা হবে।
ইবতেদায়ী সমাপনীতে ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৫ নভেম্বর আরবি, ২৬ নভেম্বর কোরআন ও তাজবিদ এবং আকাঈদ ও ফিকহ, ২৯ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

