বিনোদন ডেস্ক : ব্যবধান মাত্র সাত ঘন্টা! সাত ঘন্টা আগেও ছিলেন ঢাকায়। বিপিএলের লাইভ প্রোগ্রামে। কথার ভাঁজে কথা সাজিয়ে প্রোগ্রামটাকে মনোমুগ্ধকর করে তুলেছিলেন। কিন্তু পরদিন দুপুরেই খবর এল ফারিয়া দেশের বাইরে! কখন গেল! কিভাবে গেল! প্রশ্নে উত্তর পাওয়া গেল ফেসবুকে, ভোরে কাঁচাঘুম ভাঙতেই হাজির হলেন শাহজালাল এয়ারপোর্টে। নামলেন নেতাজি সুভাস চন্দ্র এয়ারপোর্টে। সেখান থেকে সোজা ‘হিরো ৪২০’ সিনেমার সেটে।
ভ্রমন ক্লান্তি কাটিয়ে দাঁড়িয়ে গেলেন ক্যামেরার সামনে। গতকাল থেকেই ছবিটির শুটিং শুরু হয়েছিল। ফারিয়া যোগ দিলেন আজ। বাংলামেইলকে জানালেন, ‘ছবিতে একজন বাঙালী মেয়ের চরিত্রে অভিনয় করছি। চরিত্রটা ফান লাভিং। শুটিং প্রথম দফায় কলকাতায় শুটিং চলছে। প্রথম লটের শুটিং শেষে ৫ জানুয়ারি দেশে ফিরবো।’
ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক ওম। ‘আশিকী’ ছবির মতোই এই ছবিও যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে নির্মাণ হচ্ছে। ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার সুজিত মণ্ডল।
উল্লেখ্য, আরটিভির লাইভ মিউজিক্যাল শো ‘ক্লাব এশিয়া’র জন্য সেরা টিভি উপস্থাপক হিসেবে সন্মানিত হয়েছেন ফারিয়া। কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ সিজেএফবি’র আয়োজনে গতকাল সন্ধ্যায় তার হাতে স্ক্রেস্ট তুলে দেয়া হয়।

