স্পোর্টস ডেস্ক : গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পন বাম হাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। এরপর থেকে এই বাঁ-হাতির দিনগুলো কাটছে স্বপ্নের মতো। ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে যেন আগুন ঝরিয়েছেন। সে সঙ্গে কেড়েছেন ক্রিকেট বিশ্বের নজরও।
সদ্য সাবেক হয়ে যাওয়া সাঙ্গাকারাও জেনেছেন বাংলাদেশের তরুণ আকিষ্কার মুস্তাফিজুর রহমানের কথা। শুধু জানাই নয়, মুস্তাফিজের বোলিংও দেখেছেন তিনি এবং দেখে যারপরনাই মুগ্ধ এই লংকান কিংবদন্তী।
বিপিএলে ঢাকা ডাইনামাইটসের আইকন ক্রিকেটার নাসির হোসেন হলেও, দলটির নেতৃত্ব দেবেন কুমার সাঙ্গাকারা। সেই দলে আছেন মুস্তাফিজও। নিজের সতীর্থ হিসেবে বাংলাদেশের তরুণ প্রতিভাকে পেয়ে দারুন রোমাঞ্চিত সাঙ্গাকারা। জানিয়ে দিলেন, এই পেসারকে দিয়েই কাঁপিয়ে দেবেন প্রতিপক্ষের ব্যাটিংয়ের ভিত।
প্রথমবারের মতো বিপিএল খেলতে এসছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ভারতের বিপক্ষে অভিষেক সিরিজেই মুস্তাফিজের বোলিং লক্ষ্য করেছিলেন তিনি। ঢাকায় আসার পর শনিবার ঢাকা ডাইনামাইটসের জার্সি গায়ে সতীর্থদের সঙ্গে প্রথমবার অনুশীলন করেছেন সাবেক লংকান অধিনায়ক।
অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বললেন মুস্তাফিজকে নিয়ে। এ প্রসঙ্গে সাঙ্গাকারা বলেন,‘আমি মুস্তাফিজের বোলিং দেখেছি। অভিষেক সিরিজের প্রথম তিন ম্যাচেই সে ১৩টি উইকেট নিয়েছিল। এটা দারুণ ব্যাপার। অসাধারণ খেলেছে সে। সে সব সময়ই হাসিমুখে থাকে।’
ঢাকা ডাইনামাইটস এবার দেশি ও বিদেশিদের সম্বনয়ে বেশ ভালো দলই গড়ছে। এই দল নিয়ে আশাবাদি সাঙ্গাকারাও, ‘মুস্তাফিজ ছাড়াও এই দলের অন্যরাও দুর্দান্ত। এই দল নিয়ে ভালো ক্রিকেট খেলার অপেক্ষায় আছি।’ আশা করি এখানকার সমর্থন অনেক বেশি পাবো। ঢাকার দর্শকরা ডায়নামাইটসকে সমর্থন দিতেই মাঠে আসবে বলে আশা রাখি।’

