স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বে এই ওমানকে ৫-৪ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবার স্থান-নির্ধারণী ম্যাচেও জিতেছে বাংলাদেশ। শনিবার জুনিয়র এশিয়া কাপ হকিতে ওমানকে পেনাল্টি শ্যুটআউটে ৩-২ গোলে পরাজিত করেছে অসীম গোপরা। এই জয়ে রোববার মালয়েশিয়ার বিরুদ্ধে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।
ম্যাচে ৩১ মিনিটে পেনাল্টি কর্নার গোলে বাংলাদেশকে এগিয়ে দেন রোমান সরকার। ৬৪ মিনিটে সালমিন আর নোফালি পেনাল্টি কর্নার থেকে করেন ওমানের সমতাসূচক গোলটি (১-১)। আর ৬৭ মিনিটে শাফি আল শাতারি ফিল্ড গোল করে ওমানকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে (২-১)। শেষ দিকে বাংলাদেশের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন মিলন হোসেন। শেষ মিনিটে করা তার ফিল্ড গোলটি বাংলাদেশকে বাঁচিয়ে দেয়। নির্ধারিত সময় শেষ হয় ২-২ ব্যবধানে। ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে।
যেখানে সফল বাংলাদেশ। প্রথম আর শেষটিতে গোল করতে সক্ষম হয় ওমান। তবে প্রথম, তৃতীয় ও পঞ্চমটিতে গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ যুব হকি দল। ম্যাচ সেরা হন বাংলাদেশের ফজলে হোসেন রাব্বি।

