ঢাকাSaturday , 21 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসি-রোনালদো ক্লাসিকো রোমাঞ্চের অপেক্ষায় ফুটবলবিশ্ব

Link Copied!

messi-ronaldoস্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে শনিবার মুখোমুখি হবে দুই বিশ্বসেরা ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মর্যাদার এল ক্লাসিকো নিয়ে যতোটা না আলোচনা, তার চেয়ে বেশি আলোচনা চলছে মেসি ও রোনালদোর রোমাঞ্চকর  দ্বৈরথ দেখা যাবে তো? হাঁটুর ইনজুরি কাটিয়ে দীর্ঘ প্রায় দুই মাস পর অনুশীলনে ফিরেছেন মেসি। তবে শনিবারের ম্যচে তিনি খেলবেন কি না সেটি এখনো নিশ্চিত নয়।
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এল ক্লাসিকো ম্যাচটি বাংলাদেশ সময় ১১টা ১৫ মিনিটে শুরু হবে। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, সনি কিক্স ও সনি সিক্স এইচডি।
প্যারিসে সন্ত্রাসী হামলার জের ধরে ইউরোপজুড়ে চলছে চরম নিরাপত্তা শঙ্কা। যে কারণে এল ক্লাসিকো ঘিরে নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। প্রায় দেড় হাজার নিরাপত্তারক্ষী দর্শকদের তিন স্তরের নিরাপত্তা দেবেন বলে জানা গেছে।
গত কয়েক বছর ধরে রিয়াল মাদিদ্র ও বার্সেলোনা ম্যাচ মানেই রোনালদো ও মেসির মধ্যকার ধ্রুপদী ও রোমাঞ্চকর লড়াই। ইনজুরির কারণে শনিবারের ম্যাচে মেসির মাঠে নামা শতভাগ নিশ্চিত না হলেও ফুটবলভক্তরা আশার আলো দেখতে পারেন বার্সা কোচ লুইস এনরিকের কথায়। স্বল্প সময়ের জন্য হলেও মেসিকে মাঠে নামানোর ব্যাপারে ইঙ্গিত দিয়ে রেখেছেন কাতালান কোচ।
এল ক্লাসিকো ম্যাচের আগের দিন মেসিকে নিয়ে বার্সা কোচ এনরিকে বলেন, ‘মেসি স্কোয়াডে ফিরে এসেছে এটা আমাদের জন্য ইতিবাচক। সে ফিট আছে এবং অনুশীলন করছে। এটা আমাদের জন্য স্বস্তির ব্যাপার।’
তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসি প্রথম একাদশে নামবেন কি না সেটি স্পষ্ট করেননি এনরিকে, ‘এখনও ভালোভাবে পরিকল্পনা করিনি। আজ এবং আগামীকাল তার সঙ্গে আমি কথা বলবো। আর ম্যাচের এক ঘণ্টা আগে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবো।’
আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে শেষ লা লিগা ম্যাচে সেভিয়ার কাছে ৩-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। চলতি লা লিগায় যেটি সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির প্রথম হার।
সেভিয়ার কাছে হেরে যাওয়ার ফলে বার্সেলোনার কাছে লা লিগার শীর্ষস্থান হারাতে হয় রিয়াল মাদ্রিদকে। গত আগস্টে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হেরে যাওয়ার পর সেভিয়ার বিপক্ষে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পায় লস ব্লাঙ্কুসরা।
সেভিয়ার বিপক্ষে ৩ গোল হজম করলেও চলতি মৌসুমে ইউরোপিয়ান দলগুলোর মধ্যে রক্ষণে নিজেদের সেরা হিসেবে প্রমাণ করেছে রিয়াল মাদ্রিদ। ১১টি লা লিগা ম্যাচে মাত্র ৭টি গোল হজম করেছে রিয়াল। ৬ ম্যাচে ‘ক্লিনশিট’ রাখতে সক্ষম হয়েছে রাফায়েল বেনিতেজের দল। চলতি মৌসুমে শুধু অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগায় রিয়ালের চেয়ে কম গোল হজম করেছে।
গোল করার দিক থেকেও অন্য সব ক্লাবের চেয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। ১১টি লা লিগা ম্যাচে সর্বোচ্চ ২৬ গোল করেছে রাফায়েল বেনিতেজের দল। এই ২৬ গোলের আটটি এসেছে রোনালদোর পা থেকে।
প্রতিপক্ষের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে বার্সেলোনা রয়েছে দারুণ স্বস্তিতে। লা লিগার শীর্ষ দল হিসেবেই শনিবার মাঠে নামতে যাচ্ছে লুইস এনরিকের দল। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে ভিয়ারিয়েলকে ৩-০ গোলে হারিয়ে সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো লা লিগার টেবিলে শীর্ষে ফিরেছে কাতালানরা।
লুইস এনরিকের দল সর্বশেষ চারটি লা লিগা ম্যাচেই জয়ের সুখস্মৃতি নিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নামছে, যেই চার জয়ের শেষ দুটিতে কোনো গোল হজম করেনি ন্যু-ক্যাম্পের দলটি। আর নেইমার ও সুয়ারেজের দুর্দান্ত ফর্মও আশার আলো দেখাচ্ছে কাতালান শিবিরকে।
বার্সেলোনার জন্য আশাব্যঞ্জক ব্যাপার হলো, শনিবারের এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে তারা ছয় পয়েন্ট এগিয়ে যেতে পারবে, যা তাদের শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে দিবে। তবে রিয়ালের কাছে হেরে গেলে শীর্ষস্থান হারাতে হবে কাতালানদের।
মৌসুমের শুরুতে গোলের জন্য বার্সেলোনাকে সংগ্রাম করতে হয়েছে। তবে সেপ্টেম্বরে হাঁটুর ইনজুরির কারণে মেসিকে হারালেও নেইমার ও সুয়ারেজের সৌজন্যে গেল এক মাসে একের পর এক প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে আসছে লুইস এনরিকের দল। সর্বশেষ চারটি লিগ ম্যাচে প্রতিপক্ষের জালে ১৩ বার বল জড়িয়েছে কাতালান শিবির। রিয়াল মাদ্রিদ লা লিগায় সর্বোচ্চ ২৬ গোল করলেও খুব একটা পিছিয়ে নেই বার্সেলোনা (২৫ গোল)।
লিওনেল মেসির অনপুস্থিতিতে দারুণভাবে দলকে এগিয়ে নিচ্ছেন লুইস সুয়ারেজ ও নেইমার। সর্বশেষ সাতটি ম্যাচে বার্সেলোনার হয়ে এই দুজন ১৭ গোল করেন। ফলে শনিবার মেসি যদি খেলতে না-ও পারেন বা অল্প সময়ের জন্য মাঠে নামেন তথাপি রিয়ালকে ‘যন্ত্রণা’ উপহার দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন নেইমার ও সুয়ারেজ।
তিনদিনের ব্যবধানে বার্সেলোনাকে দুটি বড় ম্যাচের জন্য মাঠে নামতে হচ্ছে। শনিবার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার পর মঙ্গলবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচে ইতালিয়ান ক্লাব রোমার মুখোমুখি হবে লুইস এনরিকের দল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল এখনো নিশ্চিত হয়নি বার্সার। ফলে মঙ্গলবারের ম্যাচটিও তাদের জন্য ক্লাসিকোর সমান গুরুত্বপূর্ণ।
বার্সার মতো রিয়ালের জন্যও এল ক্লাসিকো ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। বার্সাকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে ফেরার দারুণ সুযোগ রয়েছে রাফায়েল বেনিতেজের দলের সামনে। অন্যদিকে হেরে গেলে যে কাতালান ক্লাবটিকে ছয় পয়েন্ট পিছিয়ে পড়তে হবে সেটিও মাথায় রয়েছে সান্তিয়াগো বার্নাব্যুর দলটির। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে শাখতার দোনেৎস্কের মুখোমুখি হওয়ার আগে ফর্মে ফেরাটাও প্রয়োজন রিয়াল মাদ্রিদের জন্য।
টিম নিউজ:
বার্সেলোনা: হাঁটুর লিগামেন্টের ইনজুরি কাটিয়ে লিওনেল মেসি শনিবারের মর্যাদার এল ক্লাসিকোতে ফিরবেন বলে আশাবাদী বার্সেলোনা। গত মঙ্গলবার থেকেই মেসি দলের সঙ্গে অনুশীলনে ফেরায় তাকে নিয়ে আশাবাদী হয়ে উঠেছে কাতালান শিবির। মিডফিল্ডার ইভান র‌্যাকিটিক ও ডিফেন্সিভ মিডফিল্ডার সার্জিও বুসকেটস ইনজুরি কাটিয়ে সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচে ফিরবেন বলে বার্সা সূত্র জানায়। ইনিয়েস্তা, পিকে ও জর্ডি আলবার মতো সিনিয়র খেলোয়াড়রা তো রয়েছেনই।
রিয়াল মাদ্রিদ: গ্রোইন ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের হয়ে বেশ কয়েকটি ম্যাচ ‘মিস’ করা করা কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাস বার্সেলোনা ম্যাচের জন্য পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে করিম বেনজেমা দলে ফিরলেও পুরো ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই কম। কেননা গত অক্টোবর থেকেই মাঠের বাইরে রয়েছেন এই ফরাসি স্ট্রাইকার।
রিয়াল মাদ্রিদের জন্য স্বস্তির সংবাদ হলো ইনজুরি কাটিয়ে গ্যারেথ বেল ও হামেস রদ্রিগেজ দলে ফিরেছেন। তবে পুরো ফিট না হওয়ায় রদ্রিগেজের পরিবর্তে ইসকো’র মাঠে নামার সম্ভাবনাই বেশি। সার্জিও রামোসের কাঁধে ব্যথা থাকলেও ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে তিনি এল ক্লাসিকোর মর্যাদার লড়াইয়ে মাঠে নামবেন।
মুখোমুখি লড়াই ও পরিসংখ্যান: রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এর আগে ২২৯টি প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয়েছে। প্রতিযোগিতামূলক ম্যাচে জয়ের পাল্লা রিয়ালের দিকে কিছুটা ভারি রয়েছে। রিয়ালের ৯২টি জয়ের বিপরীতে বার্সা জিতেছে ৮৯টি ম্যাচে। অপর ৪৮টি ম্যাচ ড্র হয়। গোলসংখ্যায়ও রিয়াল মাদ্রিদ এগিয়ে রয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি ৩৮৯ গোল করেছে। আর ন্যু-ক্যাম্পের দলটি করেছে ৩৭৪ গোল।
দুই দলের মধ্যকার সর্বশেষ ১০টি এল ক্লাসিকো ম্যাচে বার্সেলোনার জয় পাঁচটিতে, আর রিয়াল জিতেছে তিন ম্যাচে। অপর দুটি ম্যাচ ড্র হয়। লিগে দুই দলের সর্বশেষ পাঁচবারের সাক্ষাতেও জয়ের পাল্লাটা বার্সার দিকেই ভারি। সর্বশেষ পাঁচটি লিগ ম্যাচে বার্সা জয় পেয়েছে তিনটি আর রিয়ালের জয় দুটিতে।
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার সর্বশেষ এল ক্লাসিকো ম্যাচেও জয়ী দলটির নাম বার্সেলোনা। গত ২২ মার্চ ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে জেরোমি ম্যাথিউ ও লুইস সুয়ারেজের গোলে সান্তিয়াগো বার্নাব্যুর দলটিকে ২-১ গোলে পরাজিত করে কাতালানরা। যদিও প্রথম লেগে বার্সাকে ৩-১ গোলে পরাজিত করার স্বাদ পায় মাদ্রিদের দলটি।
রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ: কেইলর নাভাস, পেপে, সার্জিও রামোস, দানিলো, টনি ক্রুস, লুকা মডরিক, ক্যাসিমিরো, ইসকো, ক্রিশ্চিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল।
বার্সেলোনার সম্ভাব্য একাদশ: ক্লদিও ব্রাভোম জেরার্ড পিকে, দানি আলভেজ, জর্ডি আলবা, জেরোমি ম্যাথিউ, সার্জিও বুসকেটস. আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান র‌্যাকিটিক, লুইস সুয়ারেজ, নেইমার ও মেসি।