নিজস্ব প্রতিবেদক : প্রতিবছরের মতো এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদযাপিত হলো বিশ্ব দর্শন দিবস। ‘জয় হোক দর্শনের, জয় হোক মানবতার’-এই স্লোগানকে সামনে রেখে জবির দর্শন বিভাগের উদ্যোগে এই দিবস উদযাপিত হয়।
২০০২ সাল থেকে প্রতি বছরের নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো ঘোষিত ‘বিশ্ব দর্শন দিবস’ পালিত হয়ে আসছে।
এবারের বিশ্ব দর্শন দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ভাষার বহুত্ব এবং দর্শনের স্থান’। বিভিন্ন ভাষার দার্শনিকদের ভাবনা ও নৈতিক চিন্তাগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যোগসূত্র স্থাপন এবং দর্শনকে সার্বজনীন করাই হচ্ছে দর্শন দিবসের মূল প্রতিপাদ্য। সকল মানুষকে দার্শনিক হিসেবে তৈরি করা নয় বরং, দর্শনের মৌলিক চিন্তাগুলোর সঙ্গে সকল মানুষের পরিচয় করিয়ে দেয়াই হচ্ছে এ দিবসের মূল উদ্দেশ্য।
‘বিশ্ব দর্শন দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি সামাজিক বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় বিভাগীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগীয় অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা দর্শনকে বাস্তব জীবনের সবখানে ছড়িয়ে দেয়ার কথা বলেন।

