বিনোদন ডেস্ক : কানাইলালের আমন্ত্রণে মনিপুরের সবচেয়ে বৃহৎ নাট্যৎসব ‘এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল ২০১৫’ এ প্রথম বাংলাদেশি দল হিসেবে অংশ নিতে যাচ্ছে আরশিনগর থিয়েটার। আগামী ২৮ নভেম্বর ইম্ফলের চন্দ্রাকৃতি মিলনায়তনে দলটি মঞ্স্থ করবে তাদের আলোচিত নাটক ‘সে রাতে পূর্ণিমা ছিল’।
ভারতের উত্তর পূর্ব অঞ্চলের অনুপম সৌন্দর্যের আশীর্বাদ প্রাপ্ত একটি রাজ্য মনিপুর। সাংস্কৃতিক কর্মকান্ডে বিকশিত মনিপুরের পরিচিতি বিশ্বব্যাপী। স্বনামধন্য নাট্যব্যক্তিত্ব কানাইলাল ও রতম থিয়ামের নাট্যধারা আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সংস্কৃতিচর্চায় অনন্য মনিপুরের রাজধানী ইম্ফলে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল ২০১৫’। ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই উৎসবে ভারত ছাড়াও অংশ নিবে বাংলাদেশ, চীন, জাপানের নাট্যদল। এই উৎসবে সম্পৃক্ত আছেন কানাইলাল, রতন থিয়াম, দীপকসহ মনিপুরের নাট্যব্যক্তিত্বরা।
শহীদুল জহিরের প্রশংসিত এই উপন্যাসটিকে মঞ্চে নির্মাণ করেছেন রেজা আরিফ। বাংলা বর্ণনাত্বক ধারায় পরিবেশিত এই প্রযোজনা বাংলাদেশের প্রাচীন নাট্যধারাকেই উপস্থাপন করবে বলে নির্দেশকের বিশ্বাস। গীত, নৃত্য ও চমৎকার অভিনয়ের সংমিশ্রণের এই প্রযোজনা ইতোমধ্যেই বাংলাদেশের নাট্যপ্রেমীদের কাছে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ইভান, পার্থ, মিন্টু, মন্ময়ী, রূপা, আতিক, সোহেল, বনি, সিনথিয়া, রায়হান, রমিত, জুম্মন, সফুকা, ইউনুস, বাপ্পা, হৃদয়, সনেট প্রমুখ।

