বিনোদন ডেস্ক : অভিনেতা প্রাণ রায়ের মন কেড়েছেন ‘পরী’ নামের এক মেয়ে। তবে, তা বাস্তবে নয় ‘বারো ঘর, এক উঠোন’ শিরোনামের নতুন একটি নাটকে। এতে পরী চরিত্রে অভিনয় করছেন মুমতাহিনা টয়া।
এক উঠোনেই বারো ঘর লোকের বসবাস। প্রত্যেকেই প্রত্যেকের খবর রাখেন। কিন্তু অভিনেতা প্রাণ রায়ের মনের খবরটি রাখেন না পরী। তাই কখনও টিনের চালে উঠে কিংবা মাঁচায় চড়ে পরীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তিনি। এদিকে পরীকে প্রায়ই নানা জায়গা থেকে আগত পাত্রদের মুখোমুখি হতে হচ্ছে। এমনই এক গল্প নিয়ে এগিয়ে যাবে ‘বারো ঘর, এক উঠোন’ শিরোনামের নতুন এই ধারাবাহিকটি।
নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে প্রাণ রায় বলেন, ‘ধারাবাহিকটির গল্প খুবই মজার। তাছাড়া আমার চরিত্রটিতে একটু পাগলামী রয়েছে। সবমিলিয়ে দর্শক নাটকটি উপভোগ করতে পারবে।’
রাজিবুল ইসলাম রাজিবের পরিচালনায় ১৪ নভেম্বর থেকে রাজধানীর অদূরে পূবাইলে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। প্রথম দফায় ১৩ পর্বের চিত্রধারণ করা হবে। শিগগিরই একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে নাটকটির প্রচার শুরু হবে।

