স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জেতার পর চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেও জয় পায় পাকিস্তান। তবে এরপর ছন্দপতন ঘটে আজহার আলির দলের। পরের দুই ম্যাচে ইংলিশদের কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করে সিরিজ হারের প্রহর গুনছে পাকিস্তান। যে কারণে দেশটির সাবেক দুই কিংবদন্তী ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ ও সরফরাজ নওয়াজ নিজেদের হতাশা প্রকাশ করেন।
পাকিস্তানের এমন দুর্দশার জন্য মিয়াঁদাদ সরাসরি কোচ ওয়াকার ইউনিসকে দায়ী করেছেন। মিয়াঁদাদের দাবি, প্রধান কোচ ওয়াকার ইউনিসের পছন্দ-অপছন্দ অনুসারের সেরা একাদশ নির্বাচন করা হয়। তার দলের ভরাডুরির পুরো দায় তাকেই নিতে হবে। এসময় তিনি ওয়াকারকে বাদ দিয়ে নতুন কোচ নিয়োগ দেয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পরামর্শ দেন।
মিয়াঁদাদের অভিযোগ, ওয়াকার ইউনিসের সঙ্গে দ্বন্দ্বের কারণেই ওপেনার আহমেদ শেহজাদ ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি।
হতাশ জাভেদ মিয়াঁদাদ বলেন, ‘আমি আমাদের পারফরম্যান্সে অনেক হতাশ এবং এই ব্যর্থতার দায়ভার শুধু অধিনায়কের নয়, প্রধান কোচকেও এর দায় নিতে হবে। চূড়ান্ত একাদশ ওয়াকারের পছন্দ-অপছন্দ বিবেচনায় সাজানো হয় এবং এটিই দলকে ডুবিয়েছে।’
এরপর আহমেদ শেহজাদের ওয়ানডে দলে ডাক না পাওয়া নিয়ে মিয়াঁদাদ বলেন, ‘এটা পরিষ্কার যে আহমেদ শেহজাদ স্বজনপ্রীতির শিকার। কেননা, তার যদি শৃঙ্খলাজনিত সমস্যা থেকেই থাকে তবে তাকে কেন টি-২০ দলে নেয়া হলো?’
সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের পরাজয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। সেই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পাকিস্তানের সাবেক কিংবদন্তী ক্রিকেটার জাভেজ মিয়াঁদাদ। তবে ওয়াকারকে সরিয়ে নতুন কাউকে পাকিস্তানের প্রধান কোচের চেয়ারে বসানোর এটাই সেরা সময় বলে মনে করেন তিনি।
পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার সরফরাজ নওয়াজ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ভরাডুবির জন্য অধিনায়ক আজহার আলি এবং কোচ ওয়াকার ইউনিস দুজনকেই দায়ী করেছেন।
তিনি বলেন, ‘আমি মনে করি, ওয়াকারকে ছাঁটাই করা উচিত এবং তার জায়গায় নতুন কাউকে দায়িত্ব দেয়া উচিত।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম বারিও পাকিস্তানের ব্যর্থতার জন্য বিস্ময় প্রকাশ করেছেন, ‘এটি বিস্ময়কর যে আমরা নিজেদের অনুকূল কন্ডিশন এবং পরিবেশে ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থ হয়েছি। অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাই হারের জন্য দায়ী।’

