ঢাকাThursday , 19 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিউজের মৃত্যু প্রশ্নের মুখে ফেলেছে জনসনকে

Link Copied!

jonsonস্পোর্টস ডেস্ক : গত বছরের ২৭ নভেম্বর বোলারের বাউন্সারের ছোবলে আহত হয়ে দুদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কাটিয়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রতিভাবান অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজ। সিডনির একটি হাসপাতালে কোমায় অচেতন অবস্থাতেই তার মৃত্যু হয়।
এই মৃত্যু পুরো ক্রিকেটবিশ্বকে নাড়িয়ে দেয়। বাদ যাননি অস্ট্রেলিয়ান আগ্রাসী পেসার মিচেল জনসনও। সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই অসি পেসার জানিয়েছেন, হিউজের মৃত্যুর পর তার আগ্রাসী দৃষ্টিভঙ্গি নিয়ে নিজেই নিজের প্রশ্নের সম্মুখীন হন।
২০১৩-১৪ মৌসুমে অ্যাশেজ সিরিজ চলাকালীন একের পর এক বাউন্সার ও শর্ট-পিচে বলে ইংলিশ ব্যাটসম্যানদের জীবন বিষিয়ে তুলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসন। তবে বলের আঘাতে ফিলিপ হিউজের মৃত্যুর পর জনসনের দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পরিবর্তন আসে।
বৃহস্পতিবার এবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে মিচেল জনসন বলেন, ‘এটি আমাকে এখনো কষ্ট দেয়। এটি নিঃসন্দেহে গোটা বিশ্বের খেলোয়াড়দের হৃদয়ে আঘাত করেছে। আমি মনে করি, সেই ঘটনাটি খেলাটির মানসিকতায় কিছুটা হলেও পরিবর্তন এনেছে।’
নিজের আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি সম্পর্কে মিচেল জনসন বলেন, ‘আমি ওই (২০১৩-১৪) অ্যাশেজ সিরিজে আসলেই অনেক আগ্রাসী ছিলাম। আমি তখন অনেক শর্ট-পিচ বল করেছি যা ব্যাটসম্যানদের আঘাত করেছে। হিউজের মৃত্যুর পর আমাকে ভাবতে বাধ্য করেছে যে আমি যা করছি তা কী ঠিক? আমি কী খেলাটির সঠিক ‘স্পিরিট’ বজায় রেখে খেলছি?’
ফিলিপ হিউজের মৃত্যু যে মিচেল জনসনকে বদলে দিয়েছে তার প্রমাণ হিউজের মৃত্যু পরবর্তী জনসনের বোলিং পারফরম্যান্স। হিউজের মৃত্যুর পর ১২ টেস্টে ৩৪.৩ গড়ে ৪৩ উইকেট লাভ করেন মিচেল জনসন। অথচ আগের গ্রীষ্মে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫.৫ গড়ে ৫৮ উইকেট লাভ করেন তিনি।
আগ্রাসী হওয়া ছাড়া বিকল্প কোনো পথ জানা ছিল না জনসনের, ‘আমি সব সময় মাঠে নামতাম এবং দ্রুতগতিতে বল করতাম। শর্ট বল করতাম এবং আগ্রাসী থাকতাম। আমার শুধু মনে হতো, এর বিকল্প কোনো পথ আমার জন্য খোলা নেই।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার পার্থ টেস্টের শেষ দিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মিচেল জনসন। ৭৩ টেস্টের ক্যারিয়ারে ৩১৩ উইকেট লাভ করেন এই গতিদানব। ইনিংসে ১২ বার ৫ উইকেট লাভ করেন জনসন এবং ম্যাচে ১০ উইকেট নেন তিনবার। ১৫৩ ওয়ানডেতে ২৩৯ উইকেট লাভ করেন তিনি।
ব্যাট হাতেও খুব একটা মন্দ ছিলেন না মিচেল জনসন, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। টেস্টে একটি সেঞ্চুরির পাশাপাশি ১১টি হাফ সেঞ্চুরির সাহায্যে ২ হাজার ৬৫ রান করেন এই অসি তারকা। ওয়ানডেতে দুটি হাফ সেঞ্চুরির সাহায্যে ৯৫১ রান করেন তিনি।