বিনোদন ডেস্ক : ১৪ নভেম্বর থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। উৎসব চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আর এই উৎসবেই প্রদর্শীত হবে হরিয়ানা ভাষায় ভিন্ন ঘরানার একটি ছবি ‘পাগড়ি দ্য অনার’।
জানা গেছে, ৬১টি দেশের ১৩৭ জন পরিচালকের মোট ১৪৯টি ছবি দেখানো হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। হরিয়ানার ভিনজাতের মধ্যে বিয়ে নিয়ে ৯৮ মিনিটের ছবি ‘পাগড়ি দ্য অনার’ও দেখানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন রাজীব ভাটিয়া, এটি তার প্রথম নির্মাণ। ২৮ জন নতুন মুখকে নিয়ে ছবিটি বানিয়েছেন পরিচালক।
উল্লেখ্য, রাজীব ভাটিয়ার এই ছবিটি এর আগে দুটি পুরস্কার অর্জন করেছে। একটি হরিয়ানা ভাষায় সেরা ছবি হিসেবে, অন্যটি বলজিন্দর কউর। ছবিটি এখনো মুক্তির আলো দেখেনি। তবে আসছে বছরেই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

