স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হার। এরপর চার ম্যাচ ওয়ানডে সিরিজেও হার দিয়ে শুরু করে ইংল্যান্ড। তবে এরপর খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ায় এউইন মরগানের দল। পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ জয় করার স্বপ্ন জাগিয়ে তোলেছে ইংলিশরা।
মঙ্গলবার শারজায় পাকিস্তানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল মরগানের দল। পাকিস্তানের করা ২০৮ রানের জবাবে ৬ উইকেট ও ৫৪ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছে যায় ইংলিশ শিবির।
ইংল্যান্ডকে জেতাতে ব্যাট হাতে দায়িত্মশীল ইনিংস উপহার দেন জেমস টেলর ও জস বাটলার। টেলর ৬৯ বলে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬৭ রান করেন। বাটলার ৫০ বলে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে করেন ৪৯ রান। মরগান ৩৫ ও অ্যালেক্স হেলস করেন ৩০ রান।
পাকিস্তানের হয়ে অভিষিক্ত জাফর গোহার দুটি এবং মোহাম্মদ ইরফান ও শোয়েব মালিক একটি করে উইকেট লাভ করেন।
জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৯৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। তবে পঞ্চম উইকেটে বাটলার ও টেলর মিলে অবিচ্ছিন্ন ১১৭ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
তবে ইংল্যান্ডের জয়ের মূল ভিত গড়ে দেন বোলার এবং ফিল্ডাররা। বোলার এবং ফিল্ডারদের দৃঢ়তায় পাকিস্তানকে ২০৮ রানে আটকাতে সক্ষম হয় মরগানের দল। ইনিংসের এক বল বাকি থাকতেই ২০৮ রানে গুটিয়ে যায় আজহার আলির দল।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ হাফিজ ৪৫ এবং আজহার আলি করেন ৩৬ রান। বোলার ওয়াহাব রিয়াজের ব্যাট থেকে আসে মূল্যবান ৩৩ রান। পাকিস্তানের আজহার আলি, শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ান রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন।
ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার ক্রিস ওকস। ৯.৫ ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট নেন রিসে টপলে, ডেভিড উইলি ও মঈন আলি।
২ উইকেটে ১৩০ রান নিয়ে দারুণ খেলছিল পাকিস্তান। তবে ১৩২ থেকে ১৬১- এই ২৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আজহার আলির দল। একে একে ফিরে যান হাফিজ, সরফরাজ আহমেদ, রিজওয়ান, ইফতিখার আহমেদ, আনোয়ার আলি ও শোয়েব মালিক।
শেষ দিকে অভিষিক্ত জাফর গোহার ও শেষ ব্যাটসম্যান মোহাম্মদ ইরফানকে নিয়ে দুটি দারুণ জুটি গড়ে পাকিস্তানকে ‘লজ্জা’ থেকে বাঁচান পেসার ওয়াহাব রিয়াজ। ৩৫ বলে ৩টি বিশাল ছক্কার সাহায্যে ৩৩ রানের দারুণ হার না মানা ইনিংস উপহার দেন ওয়াহাব। জাফর করেন ১৫ বলে ১৫ রান। ইরফান ৭ বলে কোনো রান না করেই আউট হয়ে গেলেও শেষ জুটিতে ২১ রান তুলতে ওয়াহাব রিয়াজকে দারুণ সঙ্গ দেন।
৬৭ রানের দারুণ ইনিংসের জন্য জেমস টেলর ম্যাচ-সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।
প্রসঙ্গত, চার ম্যাচ ওয়ানডে সিরিজে আপাতত ২-১ এ এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজের আগে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। ওয়ানডে সিরিজ শেষে পাকিস্তান ও ইংল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে।

