স্পোর্টস ডেস্ক : এবি ডি ভিলিয়ার্সের শততম টেস্টে টানা চতুর্থ দিন বৃষ্টি হানা দেয়। ফলে ব্যাঙ্গালোর টেস্টে ড্র মেনে নিতে হয় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হাশিম আমলাকে।
ব্যাঙ্গালোর টেস্টের প্রথম দিন নির্বিঘ্নে খেলা হয়। প্রথম দিন দক্ষিণ আফ্রিকাকে মাত্র ২১৪ রানে গুটিয়ে দিয়ে দিন শেষে বিনা উইকেটে ৮০ রান তুলে চালকের আসনেই ছিল ভারত। তবে টানা চারদিন বৃষ্টির কারণে ভেসে যাওয়ায় ড্রয়ের হতাশা সঙ্গী হয় কোহলিদের।
বুধবার ব্যাঙ্গালোর টেস্টের পঞ্চম ও শেষ দিন আউটফিল্ড ভেজা থাকায় আম্পায়াররা নির্ধারিত সময় খেলা শুরু করতে পারেননি। ম্যাচের যেই অবস্থা তাতে করে ড্র ভিন্ন অন্য কোনো ফলাফল সম্ভব নয়। পরে ভারতীয় সময় বেলা ১১টা ৩৫ মিনিটে ম্যাচ অফিসিয়ালরা শেষ দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করলে ড্রয়ে শেষ হয় ব্যাঙ্গালোর টেস্ট।
এদিকে টানা বৃষ্টির কারণে রেকর্ড গড়েছে ব্যাঙ্গালোর টেস্ট। এর আগে ভারতে কখনো বৃষ্টির কারণে টানা চারদিনের খেলা পরিত্যক্ত হয়নি। বুধবার সেই রেকর্ড গড়লো ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়াম।
ব্যাঙ্গালোর টেস্টের প্রথম দিন টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট করতে নেমে ভারতীয় স্পিানারদের তোপের মুখে মাত্র ২১৪ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার হয়ে শততম টেস্ট খেলতে নামা এবি ডি ভিলিয়ার্স ৮৫ রানের নান্দনিক ইনিংস উপহার দেন।
ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা চারটি করে উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৮০ রান করে ভারত। শিখর ধাওয়ান ৪৫ এবং মুরালি বিজয় ২৮ রান নিয়ে অপরাজিত ছিলেন।
প্রসঙ্গত, চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত। দুই দলের মধ্যকার তৃতীয় টেস্ট আগামী ২৫ নভেম্বর নাগপুরে শুরু হবে।


