স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের হঠাৎ আগ্রহে আলোর নিশানা খুঁজে পাচ্ছিল যেন ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ। তবে এমনই এক শর্তের বেড়াজালে বন্দী যে, তাতে সায় দেয়া আর নিজেদের নাক নিজেরাই কেটে ফেলার সামিল পাকিস্তানের জন্য। বিষয়টা কোনভাবেই মেনে নিতে পারলো না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। সুতরাং, ভারতের প্রস্তাবে সরাসরি তিনি জানিয়ে দিলেন, ‘ভারতে গিয়ে সিরিজ খেলার কোন প্রশ্নই আসে না।’
এ বছরের ডিসেম্বরেই আরব আমিরাতে বহু প্রত্যাশিত পাক-ভারত দ্বি-পাক্ষিক সিরিজ হওয়ার কথা রয়েছে; সিরিজটা পাকিস্তানের হোম সিরিজ। পাকিস্তানে গিয়ে যেহেতু খেলবে না ভারত, সে কারণে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছে আরব আমিরাতকে; কিন্তু সীমান্ত সন্ত্রাস, পাঞ্জাবের গুরুদাসপুরে সন্ত্রাসী হামলার অজুহাতে বেশ কিছুদিন ধরেই ভারত এই সিরিজে না খেলার ব্যাপারে অনড় অবস্থান দেখিয়ে আসছিল। অপরদিকে পাকিস্তানও, সিরিজটি আয়োজনের ব্যাপারে বেশ নাছোড়বান্দা।
শেষ পর্যন্ত যখন দেখা গেলো, কোনভাবেই সিরিজটি আর আয়োজন করা যাচ্ছে না, তখন দু’দেশের ক্রিকেট সমর্থকরা প্রায় নিরাশই হয়ে গিয়েছিল। তবে, হঠাৎ করেই বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের চেষ্টায় আবারও আলোর মুখ দেখতে যাচ্ছে এই সিরিজটি।
শুক্রবারই পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানকে ফোন করেন শশাঙ্ক মনোহর। ফোনে তিনি পাকিস্তানকে প্রস্তাব দেন ভারতে এসে খেলার জন্য। তিনি মন্তব্য করেন, ক্রিকেটের স্বার্থেই, পাকিস্তান-ভারতের ক্রিকেট সম্পর্কটা পূনঃপ্রতিষ্ঠা জরুরী। তবে, পাকিস্তান এই মুহূর্তে ভারতে গিয়ে খেলতে প্রস্তুত কি না জানতে চান মনোহর।
আবার বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর সরাসরি জানিয়ে দেন, আমরা চাই এ সিরিজ নিয়ে আলোচনা করতে। তবে, পাকিস্তান যদি আমাদের প্রস্তাবে রাজি হয়, তাহলে আলোচনার টেবিলে বসতে পারি। এমনকি আমরা সরকারের সঙ্গেও এ বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি, যাতে তারা আমাদের অনুমতি প্রদান করেন। অনুরাগ ঠাকুর আরও জানিয়েছেন, ভারত সরকার, ভারতের বাইরে গিয়ে অন্য কোথাও পাকিস্তানের বিপক্ষে খেলার অনুমতি দেবে না আমাদেরকে।’
আর যদি পাকিস্তান আমাদের প্রস্তাবে রাজি না হন, তাহলে এই সিরজ নিয়ে আলোচনারই কোন প্রয়োজন নেই। ভারতের এ প্রস্তাবে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। তিনি বলেন, ‘কোন প্রশ্নই আসে না যে, আমরা ভারতে গিয়ে খেলবো। কারণ, এটা হলো আমাদের হোম সিরিজ। আরব আমিরাতে ভেন্যু নির্ধারণ করা হয়েছে সেখানে। আমি এখনও অপেক্ষায় আছি যে, কেন আরব আমিরাতে গিয়ে খেলা যাবে না, সে কারণ জানার জন্য।’
শাহরিয়ার খান বলেন, ‘আমরা ইতিমধ্যেই দুটি অ্যাওয়ে সিরিজ খেলে এসেছি ভারতে গিয়ে। গত বছর দুই বোর্ডের মধ্যে যে, মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষর হয়েছে, তাতে করে এ বছর আমাদের বিপক্ষে আরব আমিরাতে গিয়ে খেলার কথা ভারতের। আমরা যখন তাদের মাটিতে দুটো সিরিজ খেলে আসতে পারি, তাহলে তারা কেন আরব আমিরাতে এসে আমাদের বিপক্ষে সিরিজ খেলতে পারবে না?’

