ঢাকাTuesday , 17 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে সন্ত্রাসী হামলা ৮০ ভাগ বেড়েছে

Link Copied!

IEPআন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে সন্ত্রাসী হামলার ঘটনা বাড়ছে। ফলে এসব হামলায় মৃতের সংখ্যাও বেড়েছে। সম্প্রতি প্যারিস হামলার পর এ নিয়ে সন্দেহ পোষণ করার কোনোই অবকাশ নেই। গতবছর বিশ্বে বিভিন্ন সন্ত্রাসী হামলার সংখ্যা রেকর্ড সংখ্যক অর্থাৎ শতকরা ৮০ ভাগ বেড়ে গেছে। এসব হামলায় নিহত হয়েছে ৩২ হাজারের বেশি মানুষ। মঙ্গলবার ‘ইনস্টিটিউট ফর ইকোনমিকস এন্ড পিস’ কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে দেখা গেছে, ২০১৪ সালে বিভিন্ন সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে ৩২ হাজার ৬শ ৫৮ জন মানুষ। এর আগের বছর অর্থাৎ ২০১৩ সালে এ সংখ্যা ছিল ১৮ হাজার ১১ জন। ওই পরিসংখ্যান মতে গতবছর বিশ্বের ১৬২টি দেশে সন্ত্রাসী হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে হামলায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সিরিয়া, ইরাক, নাইজেরিয়া, আফগানিস্তান ও পাকিস্তানে। শতকরা ৭৮ ভাগ হত্যার ঘটনাই ঘটেছে এসব দেশে।
এসব হামলার অর্ধেকেরও বেশি চালিয়েছিল ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এবং নাইজেরিয়াভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম।
‘ইনস্টিটিউট ফর ইকোনমিকস এন্ড পিস’ সংস্থার চেয়ারম্যান স্টেভ কিলেলিয়া বলেছেন, ‘বিশ্বে সন্ত্রাসবাদ আগের যে কোনো সময়ের চাইতে দ্রুতগতিতে বিস্তার লাভ করছে।’ ওই সংস্থার দেয়া তথ্য উপাত্ত মতে, ২০১৩ সালের চাইতে ২০১৪ সালে সন্ত্রাসবাদ ৬১ ভাগ বৃদ্ধি পেয়েছে।
গতবছর সন্ত্রাসী হামলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ইরাকে। দেশটিতে ওইসব হামলায় নিহত হয়েছে ৯৯২৯জন। গত কয়েক বছরের মধ্যে সেখানে এটিই সর্বোচ্চ নিহতের ঘটনা।
এরপরেই রয়েছে নাইজেরিয়াI গতবছর দেশটিতে সন্ত্রাসীদের হাতে রেকর্ড পরিমাণ অর্থাৎ ৭৫১২ জন নিহত হয়েছে। সেখানে সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা শতকরা ৩শ ভগের বেশি বেড়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ইনস্টিটিউট ফর ইকোনমিকস এন্ড পিসের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্য ও আফ্রিকার তুলনায় পশ্চিমা দেশগুলোতে সন্ত্রাসী হামলার ঝুঁকি তুলনামূলকভাবে কম। তবে জরিপ বলছে, এসব দেশে ধর্মীয় মৌলবাদ না থাকলেও রাজনৈতিক চরমপন্থা, জাতীয়তাবাদ বা বর্নবাদ, ধর্মীয় আধিপত্য বিস্তারের মত জটিলতা রয়েছে।
উদাহরণ হিসেবে যুক্তরাজ্যের কথা বলা হয়েছে। দেশটিতে গতবছর যেসব সন্ত্রাসী তৎপরতা দেখা দিয়েছিল তার অধিকাংশই ছিল উত্তর আয়ারল্যান্ডের রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে।
তবে শুক্রবার প্যারিসে সন্ত্রাসী হামলার পর তাদের এ পরিসংখ্যান খানিকটা ধন্ধে ফেলে দিয়েছে। ওই হামলায় ১২৯ জন নিহত এবং সাড়ে তিনশ মানুষ আহত হয়েছে। এ কারণে সংস্থার চেয়ারম্যান স্টেভ কিলেলিয়া বলেছেন, প্যারিসের এ ঘটনা এটিই প্রমাণ করে যে, আইএস ইউরোপের দেশগুলোতেও ভয়াবহ হামলা চালাতে সক্ষম।