বিনোদন ডেস্ক : উৎসবের আগেই কথা ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর শুরু হবে বিংশ শতাব্দীর অন্যতম লেখক সাদত হুসেন মান্টো’র আত্মজীবনী পাকিস্তানি ছবি ‘মান্টো’ প্রদর্শনীর মধ্য দিয়ে। কিন্তু উৎসবের একেবারে শেষ মুহূর্তে এসে জানিয়ে দেয়া হল, না, পাকিস্তানি ছবি নয় বরং ‘কলকাতা ফিল্ম ফেস্ট’-এর এবারে পর্দা উঠবে একটি ফিলিপাইনের ছবি প্রদর্শনীর মধ্য দিয়ে।
জানা গেছে, শারমান সুলতান খুসাতের নির্মাণে চলতি বছরে নির্মিত সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত পাকিস্তানি ছবি ‘মান্টো’ দিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসবের ২১তম আসর শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে এই সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হয়। তবে কি কারণে সিদ্ধান্ত বদল হয়েছে তার কারণ বলেনি কর্তৃপক্ষ। অনেকে বলছেন পাকিস্তান থেকেই মূলত কলকাতা উৎসবে ছবিটি প্রদর্শনে নিষেধ থাকতে পারে। যদিও আয়োজকরা এ ছবিটি উৎসব চলাকালীন কোনো একদিন প্রদর্শন হবে বলে জানান। ফিলিপাইনের ছবি ‘ব্ল্যাঙ্কো’ দিয়ে সূচনা হয় চলচ্চিত্র উৎসবের। ৭৫ মিনিটের এই ছবিটি পরিচালনা করেছেন কোভোকি হাসাই।
এরআগে উচ্চাঙ্গ সংগীতের মধ্যে দিয়ে উদ্বোধন হয় ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ১৪ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হওয়া চলচ্চিত্র উৎসব চলবে ২১ নভেম্বর পর্যন্ত। ৬১টি দেশের ১৩৭ জন পরিচালকের মোট ১৪৯টি ছবি দেখানো হবে এ বছরের চলচ্চিত্র উৎসবে। তাছাড়াও থাকবে তথ্যচিত্র এবং স্বল্প পরিসরের ছবিও। সেরা ছবি এবং সেরা পরিচালককে ‘রয়্যাল বেঙ্গল’ পুরস্কারেও ভূষিত করা হবে।
উৎসবে যোগ দিতে এরইমেধ্যে কলকাতায় ভীড় জমেছে বলিউড তারাদের। শুধু অমিতাভ কিংবা জয়া বচ্চনই নন, কলকাতার সবচেয়ে বড় এই ফেস্টিভালে যোগ দিতে বিদ্যা বালানসহ আরো অনেক পরিচিত বলিউড অভিনেতা-অভিনেত্রীরা এরইমধ্যে যোগ দিয়েছেন উৎসবে। তবে ‘দিলওয়ালে’র শ্যুটিং নিয়ে ব্যস্ততা থাকায় প্রাণের শহর কলকাতায় আসতে পারেননি বলিউড বাদশাহ শাহরুখ খান। এছাড়া বিদ্যা বালান, অনিল কাপুর, গোবিন্দ, মাধুরী দীক্ষিত ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শর্মিলা ঠাকুর।
অন্যদিকে কলকাতা ফিল্ম ফেস্টিভালে আমন্ত্রিত অতিথিদের সাথ উপস্থিত ছিলেন রঞ্জিৎ মল্লিক, প্রসেনজিৎ, সব্যসাচী চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, মৌসুমী চট্টোপাধ্যায়, রশিদ খান, ইন্দ্রনীল ও বিক্রম ঘোষ।

