বিনোদন ডেস্ক : আশুলিয়ার একটি শুটিং স্পটে মহরতের মাধ্যমে শুরু হলো শুভ-জলি জুটির প্রথম ছবি ‘নিয়তি’র চিত্রধারণের কাজ। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু।
আগেই ঘোষনা দেয়া হয়েছিলো যে, ‘নিয়তি’র নায়িকা হবেন জলি। তার সঙ্গে নায়ক হিসেবে রয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। রোববার দুপুরে আশুলিয়ায় অনেক ঘরোয়া পরিবেশে মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক আফরিনা আজিজ, পরিচালক জাকির হোসেন রাজু, আরেফিন শুভ ও অন্যান্য কলাকুশলীরা। এদিকে আরিফিন শুভ সম্প্রতি ‘অস্তিত্ব’ ছবির শুটিং শেষ করে ফিরেছেন। এবার ‘নিয়তি’র শুটিং শুরু করলেন।
অন্যদিকে জলি অভিনীত প্রথম ‘অঙ্গার’ এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে। উল্লেখ্য, রোমান্টিক ও ট্র্যাজেডিধর্মী চলচ্চিত্র ‘নিয়তি’ আগামী পহেলা বৈশাখে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান।

