স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে হাঙ্গেরি। এর মধ্য দিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো মেজর কোনো টুর্নামেন্টে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করলো হাঙ্গেরিয়ানরা। রোববার প্লে-অফের দ্বিতীয় লেগে নরওয়েকে ২-১ গোলে পরাজিত করে ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরো চূড়ান্ত পর্বের টিকেট নিশ্চিত করলো হাঙ্গেরি।
তামাস প্রিসকিন এর গোলে ইউরোর চূড়ান্ত পর্ব নিশ্চিত হয় হাঙ্গেরির। খেলার ১৪তম মিনিটে দলকে এগিয়ে নেন ওয়াটফোর্ডের সাবেক এই স্ট্রাইকার। ৮৩তম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় হাঙ্গেরির। চার মিনিট পর মার্কাস হেনরিকসেন নরওয়ের হয়ে গোল করলেও তা কোনো কাজে আসেনি।
এর আগে প্রথম লেগে ১-০ গোলে জয় পায় হাঙ্গেরি। ফলে রোববার ড্র করতে পারলেই চূড়ান্ত পর্ব নিশ্চিত হতো তাদের। তবে জয় দিয়েই দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অ্যাগ্রিগেটে ইউরোর চূড়ান্ত পর্বে পা রাখলো হাঙ্গেরিয়ানরা।
১৯৮৬ সালের বিশ্বকাপে অংশ নেয়ার পর আর কোনো মেজর টুর্নামেন্টে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি হাঙ্গেরি। যে কারণে এবার ইউরোর বাছাই পর্বে একে একে তিনজন কোচকে নিয়োগ দেয়া হয়। গ্রুপ ‘এফ’ এ তৃতীয় থেকে বাছাই পর্ব শেষ করার পর প্লে-অফের মাধ্যমে ইউরোর চূড়ান্ত পর্বের টিকেট পেল হাঙ্গেরিয়ানরা।
এর আগে গত শনিবার বসনিয়া হার্জেগোভিনা ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের মধ্যকার প্লে-অফের প্রথম লেগের ম্যাচটি ১-০ গোলে ড্র হয়। দ্বিতীয় লেগে দল দুটি সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় মুখোমুখি হবে।
এদিকে ইউক্রেন প্লে-অফের প্রথম লেগে স্লোভেনিয়াকে ২-০ গোলে হারিয়ে ইউরোর চূড়ান্ত পর্বে এক পা দিয়ে রেখেছে। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।
আর জাতান ইব্রাহিমোভিচের গোলে ইউরোর চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। শনিবার প্লে-অফের প্রথম লেগে ডেনমার্ককে ২-১ গোলে পরাজিত করে সুইডিশরা। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় ফিরতি লেগে দুই দলের ভাগ্য নির্ধারণ হবে।

