স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে ছাঁটাই হওয়ার পর থেকেই অবসর কাটাচ্ছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। এক বছর বিরতি শেষে আগামী মৌসুমে কোচিংয়ে ফিরবেন বলে আগেই ঘোষণা দিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তনের মনোবাসনা প্রকাশ করেছেন।
২০১৪-১৫ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ থেকে ছাঁটাই হওয়া ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত চেলসির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। হোসে মরিনহোর অধীনে চেলসি চলতি মৌসুমে ধুঁকতে থাকায় অনেকেই আনচেলত্তির স্ট্যামফোর্ড ব্রিজে প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখছেন।
তবে ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার মনোবাসনা প্রকাশ করলেও চলতি মৌসুমে কোচিংয়ে ফেরার গুঞ্জন অস্বীকার করেছেন আনচেলত্তি।
বিবিসি রেডিও ফাইভকে দেয়া এক সাক্ষাৎকারে কার্লো আনচেলত্তি বলেন, ‘ফ্রান্স এবং স্পেনে আমার অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ফের নতুন করে শুরু করা, দারুণ এক প্রজেক্ট ও প্রতিযোগিতামূলক ক্লাব খুঁজে পাওয়া। যদি সেটি ইংল্যান্ড হয় তবে ভালোই হয়।’
তবে চলতি মৌসুমে যে কোচিংয়ে আর নামছেন না সেটি স্পষ্ট করে দিয়েছেন এই ইতালিয়ান, ‘আমি মৌসুম শেষ হওয়া পর্যন্ত মাঠের বাইরেই থাকবো এবং আগামী মৌসুমে ক্লাব খুঁজে পাওয়ার চেষ্টা করবো। তবে সেটা শুধু ইংল্যান্ড নয়, অন্য কোনো দেশও হতে পারি। তবে আমার মূল কথা হলো, এখনই আমি মাঠে ফিরছি না।’

