স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে দারুণ সাফল্যগাথা একটি বছর পার করতে যাচ্ছে বাংলাদেশ দল। চলতি বছরটা দুহাত ভরে দিয়েছে মাশরাফি-সাকিব-মুশফিকদের। তাই জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-২০ ম্যাচে পরাজয়ে মোটেও ব্যথিত নন স্বাগতিক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
টেস্ট মর্যাদা পাওয়ার পর চলতি বছরটা বাংলাদেশের সবচেয়ে দারুণ কেটেছে। ব্যক্তিগত উন্নতির পাশাপাশি খেলোয়াড়রাও যথেষ্ট উন্নতি করেছে। তাতে করে ঘরের মাঠে টানা পাঁচটি সিরিজ জিততে পেরেছে টাইগাররা।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘এই বছরের কথা যদি বলি পুরো হার্ডওয়ার্ক করেছে ছেলেরা। আমি সত্যিই কৃতজ্ঞ। সেই সঙ্গে কোচিং স্টাফরাও। বছরটা অনেক বড় ছিল আমাদের জন্য। চেষ্টা করেছি ভালোভাবে শেষ করার। দুর্ভাগ্যবশত শেষটাতে হয়নি। তারপরও সব মিলিয়ে আমি গর্ববোধ করি ২০১৫ সালের সাফল্য নিয়ে। আশা করি ২০১৬ সালে আরো ভালো ক্রিকেট খেলবো।’
টি-২০ ম্যাচে ডট বল ম্যাচের ফলাফল নির্ধারণে প্রভাবক হয়ে কাজ করে। এনামুল হক বিজয় ব্যাট হাতে বড় ইনিংস খেললেও বল ও রানের সঙ্গে ঠিকমতো পাল্লা দিতে পারেননি। স্ট্রাইক রেট ১০০ এর নিচে ছির তার। এই বিষয় নিয়ে অনেক কাজ করতে হবে বলে মনে করেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ব্যাটিং নিয়ে কোচ ও অধিনায়কের চিন্তা থাকলেও বোলিং নিয়ে সন্তুষ্ট দুজনই। এ প্রসঙ্গে কোচ হাথুরুসিংহে বলেন, ‘আমাতের বোলিং ইউনিট নিয়ে আমরা সত্যিই অনেক খুশি। তারা তাদের শক্তি ও ক্ষমতা দেখিয়েছে। তাই এখন কম্বিনেশন নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ দিয়েই বাংলাদেশ টি-২০’র সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টা করছিল। কিন্তু দ্বিতীয় টি২০ ম্যাচে হারের পর কোচ চন্ডিকা বলেন , কম্বিনেশন নিয়ে আমাদের আরো বেশি কাজ করতে হবে। বিশেষ করে আমরা এখনো আমাদের সেরা গেম প্ল্যান, প্রয়োগ ও কম্বিনেশন খুঁজছি। বছর খানেক আগের তুলনায় আমরা টি-২০ ম্যাচে অনেক উন্নতি করছি। এই ধারাটা টি-২০ ক্রিকেটে ধরে রাখতে পারলে আগামীতে আরো বড় সাফল্যের দেখা পাবো।’

