স্পোর্টস ডেস্ক : বা হাতি বোলিংয়ে মিচেল স্টার্ক কতটা ভয়ংকর, তা দেখা গেছে গত ওয়ানডে বিশ্বকাপে। এবার সাদা পোশাকেও বল হাতে নতুন চমক দিলেন তিনি। গড়লেন গতির নতুন রেকর্ড।
রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টের তৃতীয় দিনে ঘণ্টায় ১৬০.৪ কিলোমিটার গতি তুলেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। গতির স্বীকৃত রেকর্ডে এটি ক্রিকেট ইতিহাসের পঞ্চম দ্রুততম বল; বাঁহাতি পেসারদের মধ্যে দ্রুততম। টেস্ট ইতিহাসেও এটি রেকর্ডে থাকা সবচেয়ে দ্রুতগতির বল।
তৃতীয় দিনে লাঞ্চের পর এই বল দিয়ে আগুন ঝরালেন স্টার্ক। দ্বিতীয় নতুন বলে তুললেন গতির ঝড়! এই পরিক্রমায় ঢুকে গেলেন ইতিহাসেও। বল নরম হয়ে যাওয়ায় ৫ ওভার পরই বদলাতে হয় নতুন বল। বদলে নেওয়া সেই বলে নিজেকে ছাড়িয় যেতে থকেন স্টার্ক। এক ওভারে ১৫২, ১৫৩ ছাড়িয়ে ১৫৪ কিলোমিটারও ছাড়িয়ে গেলেন। পরের ওভারেই ছুঁয়ে ফেললেন ফাস্ট বোলারদের স্বপ্নের গতি!
নিউজিল্যান্ড ইনিংসের ৮৯তম ও স্টার্কের নিজের সেটি ২১তম ওভারের চতুর্থ বল। ইয়র্ক লেংথের বলটি ঠেকিয়ে দিলেন রস টেলর। ওয়াকার স্পিডগানে গতি দেখা গেল ১৬০.৪ কিমি!
২০০৩ সালে গতির বিশ্বরেকর্ড গড়েছিলেন পাকিস্তানের শোয়েব আখতার। তার করা সেই দুর্দান্ত ডেলিভারি আজও অস্পর্শ। তার বলের গতি ছিল ঘন্টায় ১৬১.৩ কিলোমিটার। প্রায় ১৫০র উপর গতিতে বল করা স্টার্ক এবার শোয়েবের ঘাড়েও নিঃশ্বাস ফেলতে শুরু করলেন।

