আর্ন্তজাতিক ডেস্ক : চীনে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে বাড়ি-ঘরের নিচে চাপা পড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। ভূমিধসের কারণে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে আরো ২১ জন। দেশটিতে ভারি বৃষ্টিপাতের কারণেই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় শিনহুয়া নিউজ এজেন্সি।
দেশটির স্থানীয় সিনা ওয়েইবোর অনলাইন পোস্টের বেশ কিছু ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা বাড়ি-ঘরের ধ্বংসস্তুপের নিচ থেকে লোকজনকে টেনে বের করার চেষ্টা করছেন। ঝেজিয়াং প্রদেশে ভূমিধসের কারণে প্রায় ২৭টির মত ঘর-বাড়ি চাপা পড়েছিল। ভূমিধসের পরে ৩শ’য়ের বেশি মানুষকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।
শিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, হুনান প্রদেশে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। বিগত ৫০ বছরে ওই প্রদেশের মানুষ শীতকালে এমন ভয়াবহ বন্যা দেখেনি। বন্যার কারণে হাজার হাজার মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। ৮৭ হাজারের বেশি মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে বেশির ভাগ রাস্তা-ঘাট তলিয়ে গেছে।
শিনহুয়া আরো জানিয়েছে, বুধবার পর্যন্ত ভারি বৃষ্টিপাত হতে পারে। এ কারণে বন্যা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অনলাইনের বিভিন্ন ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা নৌকাতে করে বিভিন্ন এলাকার বন্যাকবলিত লোকজনকে উদ্ধার করছেন। শিনহুয়া জানিয়েছে, শুক্রবার পানির উচ্চতা ছিল তিন মিটারের বেশি। যা বিপদ সীমাকে অতিক্রম করে গেছে।

