বিনোদন ডেস্ক : আজ থেকে কলকাতায় শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। আর এই উৎসবে যোগ দিতেই এরইমধ্যে পুরো ভারতের তারকা অভিনেতা-অভিনেত্রী আর নির্মাতারা ভীড় জমাচ্ছেন। এরইমধ্যে নিজের শ্বশুরবাড়ি এলাকায় এসে উপস্থিত হয়েছেন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন, আর তারসাথে আছেন স্ত্রী জয়া বচ্চনও।
জানা গেছে, ১৪ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হওয়া চলচ্চিত্র উৎসব চলবে ২১ নভেম্বর পর্যন্ত। ৬১টি দেশের ১৩৭ জন পরিচালকের মোট ১৪৯টি ছবি দেখানো হবে এ বছরের চলচ্চিত্র উৎসবে। তাছাড়াও থাকবে তথ্যচিত্র এবং স্বল্প পরিসরের ছবিও। সেরা ছবি এবং সেরা পরিচালককে ‘রয়্যাল বেঙ্গল’ পুরস্কারেও ভূষিত করা হবে।
অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনকে কলকাতায় স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শহরে এসে পৌঁছোন তাঁরা। বিগ বি-কে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিল অনুরাগীদের ভিড়।
শুধু অমিতাভ কিংবা জয়া বচ্চনই নন, কলকাতার সবচেয়ে বড় এই ফেস্টিভালে যোগ দিতে বিদ্যা বালানসহ আরো অনেক পরিচিত বলিউড অভিনেতা-অভিনেত্রীরা এরইমধ্যে এসে পৌঁছে গেছেন। তবে ‘দিলওয়ালে’র শ্যুটিং নিয়ে ব্যস্ততা থাকায় প্রাণের শহর কলকাতায় আসতে পারছেন না বলিউড বাদশাহ শাহরুখ খান। যদিও দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ‘কলকাতা চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হওয়ার কথা।

