আর্ন্তজাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে দু’টি আত্মঘাতী হামলায় ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫৬ জন। বাগদাদের দু’টি পৃথক স্থানে হামলাগুলো চালানো হয়েছিল।
সরকার সমর্থিত এক নিহত যোদ্ধার শেষকৃত্য অনুষ্ঠানকে লক্ষ্য করে একটি মসজিদে প্রথম হামলাটি চালানো হয়েছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ কর্মকর্তা এবং চিকিৎসকরা। ওই হামলায় ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪১ জন। হাসিব শাবি নামের এক যোদ্ধা সরকার বাহিনীর পক্ষে থেকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিলেন। আর এ কারণেই ওই হামলা চালানো হয়েছিল।
তবে এখনও পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।
অপরদিকে শুক্রবার বাগদাদের সদর শহরের একটি মাজারকে লক্ষ্য করে আরো একটি বোমা হামলা চালানো হয়েছিল। ওই হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন। হাসপাতালের চিকিৎসকরা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
বাগদাদে আইএস শক্ত ঘাঁটি নির্মাণ করার পর থেকে প্রতিদিনই রাস্তার পাশে থাকা বোমা বিস্ফোরণ, আত্মঘাতী হামলা, দেশটির সেনাবাহিনী এবং সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে হামলার ঘটনা ঘটছে। এসব সহিংসতার ঘটনায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া বাস্তুহারা হয়েছে আরো কয়েক লাখ মানুষ।

