বিনোদন ডেস্ক : ফের বাংলাদেশে আসছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত। অনিমেষ আইচ এর নির্মাণে চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’ এ অভিনয়ের পর সম্প্রতি ফখরুল আরেফিনের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘ভুবনমাঝি’তে অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেতা।
এ চলচ্চিত্রে তার বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে অপর্ণা ঘোষকে।
নির্মাতাসূত্রে জানা যায়, ১৫ জানুয়ারি থেকে শিলাইদহ থেকে ছবিটির শুটিং শুরু হবে। সেখানে পরমব্রতসহ ছবির অন্যান্য শিল্পীরা যোগ দেবেন।
অপর্ণা জানান, ছবিটির শুটিং শুরু হচ্ছে জেনে ভালো লাগছে। এখনো ছবিটির চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করিনি। মাসখানেক আগে থেকে প্রস্তুতি নেব।’
জানা গেছে, ছবির গল্পের শুরু ১৯৭০ সালে। শেষটা ২০১৩ সালে। মাঝে এক বড় অংশজুড়ে থাকবে মুক্তিযুদ্ধ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে চলচ্চিত্রটি। ছবির প্রধান চরিত্র একজন বাউল। বাউল রূপেই বড়পর্দায় আবির্ভূত হবে পরমব্রত।

