স্পোর্টস ডেস্ক : যেন স্বপ্নের ফর্মে রয়েছেন ডেভিড ওয়ার্নার। ব্রিসবেন টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার পর পার্থ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করার মধ্য দিয়ে টেস্টে টানা তিন ইনিংসে সেঞ্চুরির রেকর্ড দিয়ে অনন্য কীর্তি গড়েন এই অস্ট্রেলিয়ান ওপেনার। তবে এটুকুতেই থেমে থাকেননি তিনি। ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন তিনি।
শুক্রবার পার্থ টেস্টের প্রথম দিন মার্টিন গাপটিলের করা ইনিংসের ৮০তম ওভারের প্রথম বল লেগে ঠেলে দিয়েই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার। টেস্ট ক্যারিয়ারের ওয়ার্নারের এটাই প্রথম ডাবল সেঞ্চুরি। ২৩৬ বলে ডাবল সেঞ্চুরি করার পথে ১৭টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
এর আগে ব্রিসবেন টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৬৩ ও ১১৬ রানের দুটি নান্দনিক ইনিংস উপহার দেন ডেভিড ওয়ার্নার। ২০১৪ সালের মার্চ থেকে এই নিয়ে ১০টি সেঞ্চুরি করলেন ওয়ার্নার। এই সময়ের মধ্যে এই অসি ওপেনারের সমান কেউ সেঞ্চুরি করতে পারেননি।
এই নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টেস্টে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়ের ডেভিড ওয়ার্নার। এর আগে গত বছরের মার্চে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৩৫ ও ১৪৫ রান করার পর পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রানের দারুণ এক ইনিংস উপহার দেন এই অসি ওপেনার।
অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে এটি তৃতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরি। এর আগে ২০০১/০২ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে ২১২ বলে ডাবল সেঞ্চুরি করেন সাবেক অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। আর ২০১২/১৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাডিলেডে ২২৬ বলে ডাবল সেঞ্চুরি করেন মাইকেল ক্লার্ক।
তবে টানা টেস্ট সেঞ্চুরির বিশ্বরেকর্ড থেকে এখনো অনেক দূরে রয়েছেন ডেভিড ওয়ার্নার। সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা স্যার এভারটন উইকস টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ডটি নিজের দখলে রেখেছেন। ১৯৪৮ সালে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরি করেন এই সাবেক কিংবদন্তী ক্রিকেটার।

