বিনোদন ডেস্ক : নানা জল্পনা কল্পনা আর বহুল প্রতীক্ষার পর বলিউডের রূপালী পর্দায় আজ (১২ নভেম্বর) মুক্তি পেয়েছে সুপারস্টার অভিনেতা সালমান খান ও বলিউডের ফ্যাশন কন্যা খ্যাত অভিনেত্রী সোনম কাপুরের ছবি ‘প্রেম রতন ধন পায়ো’। সেই সাথে সালমান অভিনীত চলতি বছরে ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর পর তার দ্বিতীয় ছবি হিসেবেও বক্স অফিস সরব রাখার অ্গ্নি পরীক্ষা শুরু হল।
জানা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর মেধাবী নির্মাতা সুরজ বারজাত্যের ছবিতে একসঙ্গে ফিরলেন ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান। আর সেই সাথে প্রথমবারের মত অনিল কাপুর কন্যা সোনম কাপুরের সাথে হলেন জুটিবদ্ধ। এমনিতেই সালমান মানে বক্স অফিস হিট, সেই সাথে ছবিটি আর কারো নয় সালমান খানের প্রথম নির্মাতা সুরজ বারজাত্যের ছবি যে এটি! এরআগে এই নির্মাতার সাথে সালমান ম্যায় পেয়ার কিয়া, হাম সাথ সাথ হ্যায় এবং হাম আপকে হ্যায় কৌন ছবিতে অভিনয় করে অভিনয়ের জগতে আলোচনায় আসেন। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন পর এই নির্মাতা ও অভিনেতার ক্যামিস্ট্রি দেখতেই সিনেমা হলে আসবেন সেই পুরনো দর্শক। দীর্ঘ ১৬ বছর পর সুরজ বারজাত্যের ছবিতে সুপারস্টার অভিনেতা সালমান খানের ফেরা বক্স অফিসে দাপট দেখাতে পারবে বলেও বিশ্বাস করেন অনেকে।
টিজার, ট্রেলার, পোস্টার, মুহূর্মুহূ গান রিলিজ আর প্রমোশনে বাজিমাৎ ‘প্রেম রতন’। ভারতীয় মিডিয়ায়ও তাই এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিনোদন খবরও এটি। সিনেমা ট্রেড অ্যানা্লাইসিসসহ অনেক সিনে বোদ্ধারা মনে করছেন সালমান-সোনম জুটির মুক্তির প্রতীক্ষায় থাকা ছবিটির ব্যবসায়িক দিক নিয়েও শুরু করেছেন সমীক্ষা। তাদের মধ্যে অনেকেই মনে করছেন ছবিটি অন্তত দুইশত কোটির ঘর পেরিয়ে যাবে। যে কারণে ছবিটি মানুষ দেখবেন তা নিয়েও চলছে আগাম আলোচনা।
আবার অনেকে মনে করছেন, চলতি বছরে ‘বজরঙ্গি ভাইজান’-এর খ্যাতির জন্যেও বক্স অফিসে আলোড়ন তুলবে ‘প্রেম রতন ধন পায়ো’।
উল্লেখ্য, এরই মধ্যে তামিল ও তেলেগু ভাষায় প্রথমবার সালমানের কোনো ছবির ডাবিং করে পরিবেশনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমনকি শত্রু ভাবাপন্ন পাশের দেশ পাকিস্তানেও একই দিনে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ছবিটিতে সালমানকে দ্বিতীয়বারের মত সোনম কাপুরের সাথে অভিনয় করতে দেখা যাবে। এর আগে ‘সাওয়ারিয়া’ নামের একটি ছবিতে বিশেষ চরিত্রে সোনম কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল সালমান খানকে। এখন দেখার বিষয় সবকিছু উতরিয়ে সালমানের ‘প্রেম রতন’ বক্স অফিস কতটা আলোড়িত করতে পারে।

